বৈশ্বিক বাজারে র্যামের আকাশছোঁয়া দামের কারণে বড় ধাক্কা খেয়েছে প্রযুক্তি কোম্পানি নাথিং।
উৎপাদন খরচ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ায় এ বছর তাদের জনপ্রিয় বাজেট ফোন সিএমএফ-এর নতুন সংস্করণ বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানিটি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ নাথিংয়ের সহ-প্রতিষ্ঠাতা আকিস ইভানজেলিদিস লিখেছেন, ‘সিএমএফ ফোন ২ প্রো’র পরবর্তী সংস্করণটি এ বছর বাজারে আসছে না।
প্রযুক্তি সাইট নাইনটুফাইভগুগল প্রতিবেদনে লিখেছে, গেল সপ্তাহে নাথিংয়ের প্রধান নির্বাহী ও সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই’ও বলেছিলেন, র্যামের এ ঘাটতি কোম্পানির মিড-রেঞ্জ ফোনের উৎপাদন খরচে বড় ধরনের প্রভাব ফেলেছে।
“ফোন ৪এ তৈরির সিদ্ধান্ত নেওয়া ও তা বাজারে ছাড়ার মধ্যবর্তী সময়ে মেমোরির খরচ দ্বিগুণ হয়ে গিয়েছিল। আর বাজারে আনার পর থেকে এ পর্যন্ত তা আরও একবার দ্বিগুণ হয়েছে। বর্তমানে একটি স্মার্টফোনের যন্ত্রাংশগুলোর মধ্যে মেমোরি বা র্যামই সবচেয়ে ব্যয়বহুল উপাদান।”
র্যামের আকাশছোঁয়া দামের কারণে কেবল নাথিং’ই সংকটে পড়েনি। এ সপ্তাহের শুরুতে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকও দাম বাড়ানোর ঘোষণা দিয়ে বলেছেন, “পরিস্থিতি এখন আর সামাল দেওয়ার মতো অবস্থায় নেই।”
এ বছর নতুন কোনো সিএমএফ ফোন বাজারে না এলেও ইভানজেলিদিস ওই এক্স পোস্টে লিখেছেন, সিএমএফ-এর পক্ষ থেকে এখনও ‘বেশ কয়েকটি নতুন পণ্য বাজারে আসার অপেক্ষায় রয়েছে ও এর মধ্যে সম্পূর্ণ নতুন কিছু ক্যাটেগরিও থাকবে’।
পাশাপাশি তিনি আভাস দিয়েছেন, “নাথিংয়ের স্মার্টফোন বাজারে আনার মওসুম এখনও ফুরিয়ে যায়নি।”



















