তরুণদের গবেষণা ও বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবননির্ভর সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
গতকাল মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে RoboSub 2026 (USA)-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের দল। বিদেশযাত্রার আগে তারা তাদের প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে এবং তার দিকনির্দেশনা নিতে এই সাক্ষাৎ করেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নিজেও এ প্রতিষ্ঠানের একজন প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই)।
মতবিনিময়কালে শিক্ষার্থীরা জানান, তারা ‘প্রজেক্ট পোসাইডন’স কোড’-এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের রোবোটিক্স (Underwater Robotics) উদ্যোগ। ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে শুরু হওয়া প্রকল্পটি বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সের সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
সাক্ষাৎকালে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করলে তিনি তাদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত জানেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি।
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের এই প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্বদরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। পরে প্রধানমন্ত্রী তাঁর লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি শিক্ষার্থীদের উপহার দেন।
এ সময় গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।




















