রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (২৮ জুলাই) বিএসটিআই-এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সার্বিক সহযোগিতায় ওই এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার ‘জি’ ব্লকের ১ নম্বর রোডের ৭১৪/এ ঠিকানায় অবস্থিত ‘রনেক্স মার্ট’ নামীয় প্রতিষ্ঠানে বিএসটিআই-এর বাধ্যতামূলক ‘মোড়কজাত সনদ’ ছাড়াই মসলা জাতীয় পণ্য প্যাকেটজাত করে বিক্রি ও বিতরণ করা হচ্ছিল।
অনুমোদনহীনভাবে মোড়কজাত পণ্য বিক্রির অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা অনাদায়ে আইনানুগ দণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই-এর পরীক্ষক (মেট্রোলজি) মো. মশিউর রহমান এবং ফিল্ড অফিসার (সিএম) মো. তারেক রহমান। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী ও পরিমাপ নিশ্চিতকরণ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।




















