কম দামে ভালো পারফরম্যান্স, উন্নত ক্যামেরা, দ্রুতগতির ডিসপ্লে ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ—সব মিলিয়ে ২০২৬ সালে বাজেট স্মার্টফোনের বাজারে বেশ কিছু আকর্ষণীয় মডেল এসেছে। বিশেষ করে ১২০ হার্টজ ডিসপ্লে, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS), ৫জি সংযোগ এবং দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেটের মতো সুবিধা এখন তুলনামূলক কম দামের ফোনেও পাওয়া যাচ্ছে।
প্রযুক্তিবিষয়ক পোর্টাল গিজমোচায়নার তালিকা ও দেওয়া তথ্যের ভিত্তিতে ২০২৬ সালের উল্লেখযোগ্য পাঁচটি বাজেট স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন তুলে ধরা হলো।
১. মটোরোলা এজ ২০২৫
দাম: ৩৯৯.৯৯ ডলার থেকে
মটোরোলা এজ ২০২৫ মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির কার্ভড pOLED ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এই পর্দায় সর্বোচ্চ ৪৫০০ নিটস উজ্জ্বলতা পাওয়া যায়। সুরক্ষার জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭i।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধাও রয়েছে।
ক্যামেরা বিভাগে রয়েছে সনি LYT-700C সেন্সরের ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, যাতে OIS সুবিধা রয়েছে। সঙ্গে ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড/ম্যাক্রো ও ১০ মেগাপিক্সেলের ৩x টেলিফটো ক্যামেরা রয়েছে। সেলফির জন্য দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, যা ৪কে ভিডিও ধারণ করতে পারে।
ব্যাটারিতে রয়েছে ৫২০০mAh ক্ষমতা। এটি ৬৮ ওয়াট ওয়্যার্ড ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ফোনটিতে IP68/IP69 সুরক্ষা এবং MIL-STD-810H মানের স্থায়িত্ব রয়েছে।
২. মটো জি ২০২৬
দাম: ১৯৯.৯৯ ডলার থেকে
২০০ ডলারের নিচে ৫জি ফোন হিসেবে মটো জি ২০২৬-কে তালিকায় রাখা হয়েছে। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ১০০০ নিটস।
পারফরম্যান্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর, ৪ জিবি র্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ।
ফটোগ্রাফির জন্য পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সঙ্গে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৫২০০mAh ব্যাটারির সঙ্গে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে। এ ছাড়া স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক রয়েছে।
৩. মটো জি পাওয়ার ২০২৬
দাম: ২৯৯.৯৯ ডলার থেকে
মটো জি পাওয়ার ২০২৬ মডেলে রয়েছে ৬.৮ ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের পর্দায় সর্বোচ্চ ১০০০ নিটস উজ্জ্বলতা পাওয়া যায়।
ডিভাইসটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ চিপসেট, ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।
ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের OIS সমর্থিত প্রধান ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
৫২০০mAh ব্যাটারি ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। পাশাপাশি IP68 ও IP69 রেটিং এবং MIL-STD-810H মানের সুরক্ষা থাকায় ফোনটি তুলনামূলকভাবে শক্তপোক্ত।
৪. স্যামসাং গ্যালাক্সি এ৩৭ ৫জি
দাম: প্রায় ৩৮০ ডলার থেকে
স্যামসাংয়ের গ্যালাক্সি এ৩৭ ৫জি মডেলে রয়েছে ৬.৭ ইঞ্চির ১২০ হার্টজ Super AMOLED ডিসপ্লে। এতে Exynos 1480 চিপসেটের সঙ্গে সর্বোচ্চ ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে।
পেছনে ৫০ মেগাপিক্সেলের OIS সমর্থিত প্রধান ক্যামেরার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে।
ফোনটির অন্যতম আকর্ষণ সফটওয়্যার সাপোর্ট। স্যামসাংয়ের প্রতিশ্রুতি অনুযায়ী এতে ছয়টি বড় অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছর পর্যন্ত নিরাপত্তা আপডেট পাওয়া যাবে।
৫০০০mAh ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং। পাশাপাশি Circle to Search, Object Eraserসহ বিভিন্ন এআই সুবিধা রয়েছে।
৫. স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি
দাম: ৩৪৯.৯৯ ডলার থেকে
তালিকার আরেকটি স্যামসাং ফোন গ্যালাক্সি এ২৭ ৫জি। এতে রয়েছে ৬.৭ ইঞ্চির ১২০ হার্টজ Super AMOLED ডিসপ্লে। প্রসেসিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে Snapdragon 6 Gen 3 চিপসেট।
ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের OIS সমর্থিত প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।
ফোনটিতে Circle to Search, Gemini ও Perplexity-এর মতো এআইভিত্তিক সুবিধা ব্যবহারের সুযোগ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০mAh ব্যাটারির সঙ্গে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে।
বাজেট ফোন কেনার আগে যা দেখবেন
শুধু দাম নয়, ফোন কেনার সময় প্রসেসর, ডিসপ্লের রিফ্রেশ রেট, ক্যামেরায় OIS, ব্যাটারি ও চার্জিং প্রযুক্তি এবং সফটওয়্যার আপডেটের মেয়াদ বিবেচনা করা গুরুত্বপূর্ণ। গেমিংয়ের জন্য মটো জি পাওয়ার বা মটো জি ২০২৬-এর মতো পারফরম্যান্স-কেন্দ্রিক মডেল বিবেচনা করা যেতে পারে। আর দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্ট ও AMOLED ডিসপ্লেকে অগ্রাধিকার দিলে গ্যালাক্সি এ৩৭ ৫জি বা এ২৭ ৫জি আকর্ষণীয় বিকল্প হতে পারে।






















