প্রিমিয়াম ইয়ারবাড বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান নাথিং—এমনই জল্পনা তৈরি হয়েছে প্রতিষ্ঠানটির একটি রহস্যময় টিজারকে ঘিরে। নাথিংয়ের অফিসিয়াল কমিউনিটি ফোরামে প্রকাশিত ছবিতে দেখা গেছে পোকেমন চরিত্র ‘কিংড্রা’ এবং তার সঙ্গে লেখা ‘কামিং সুন’। প্রযুক্তিপ্রেমীদের ধারণা, ছবিটি সম্ভাব্য নাথিং এয়ার (৩) প্রো ইয়ারবাডের আগমনী বার্তা হতে পারে। তবে নতুন পণ্যটির নাম বা ফিচার এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি।
নাথিংয়ের প্রকাশিত ছবিতে কিংড্রাকে প্রতিষ্ঠানের পরিচিত ডট-ম্যাট্রিক্স নকশায় উপস্থাপন করা হয়েছে। পোকেমন জগতে কিংড্রা জল ও ড্রাগন—দুই ধরনের বৈশিষ্ট্যসম্পন্ন একটি চরিত্র। ছবির সঙ্গে এর শক্তি সঞ্চয় এবং সমুদ্রের তলদেশে ঘুমিয়ে থাকার বর্ণনাও যুক্ত রয়েছে।
নাথিং বিভিন্ন পণ্যের অভ্যন্তরীণ কোডনেম হিসেবে পোকেমন চরিত্রের নাম ব্যবহার করে থাকে। এ কারণে নতুন টিজারে কিংড্রার উপস্থিতিকে সম্ভাব্য এয়ার (৩) প্রো ইয়ারবাডের সঙ্গে যুক্ত করে দেখছেন অনেকে।
এর আগে গত সেপ্টেম্বরে নাথিংয়ের ওয়েবসাইটে সাময়িকভাবে প্রকাশিত একটি সাপোর্ট পেজে ‘নাথিং এয়ার (৩) প্রো’-এর উল্লেখ পাওয়া গিয়েছিল বলে দাবি করেন রেড্ডিটের এক ব্যবহারকারী। তাঁর দাবি অনুযায়ী, সেখানে পণ্যটির কোডনেম ছিল কিংড্রা (Kingdra) এবং পরিচিতি নম্বর ২৫২৫৩। পরে পেজটি সরিয়ে নেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আগের ওই তথ্যের সঙ্গে নতুন টিজারের মিল থাকায় জল্পনা আরও জোরালো হয়েছে। তবে ইয়ারবাডটির সম্ভাব্য উন্মোচনের তারিখ, দাম, নকশা কিংবা প্রযুক্তিগত বৈশিষ্ট্য সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি নাথিং।
আগের এয়ার (৩)-এ যেসব সুবিধা রয়েছে
নাথিং ২০২৫ সালের সেপ্টেম্বরে বাজারে আনে এয়ার (৩) ইয়ারবাড। এতে রয়েছে প্রতিষ্ঠানের পরিচিত স্বচ্ছ নকশা। চার্জিং কেসে যুক্ত করা হয়েছে সুপার মাইক সুবিধা, যা প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী সর্বোচ্চ ৯৫ ডেসিবেল পর্যন্ত শব্দ কমাতে পারে। কেসের টক বোতাম ব্যবহার করে ভয়েস নোট রেকর্ড করার সুবিধাও রয়েছে।
সমর্থিত নাথিং ওএসচালিত ফোনে এসব নোট এসেনশিয়াল স্পেসে সিঙ্ক হয় এবং স্বয়ংক্রিয়ভাবে লেখায় রূপান্তরিত হতে পারে।
ইয়ারবাডটিতে আরও রয়েছে রিয়েল-টাইম অ্যাডাপ্টিভ অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), যা সর্বোচ্চ ৪৫ ডেসিবেল পর্যন্ত শব্দ কমানোর দাবি করে। এতে রয়েছে ১২ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার, ব্লুটুথ ৫.৪ এবং এলডিএসি-সমর্থিত উচ্চমানের অডিও সুবিধা।
সম্ভাব্য এয়ার (৩) প্রো মডেলে এসব সুবিধার উন্নত সংস্করণ থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়। নাথিং আনুষ্ঠানিক ঘোষণা দিলে ইয়ারবাডটির নকশা, ফিচার, দাম ও বাজারে আসার সময় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।





















