দেশে নেটওয়ার্কভিত্তিক সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাপে শীর্ষ অবস্থানে রয়েছে রবি আজিয়াটা। দ্বিতীয় স্থানে গ্রামীণফোন এবং তৃতীয় স্থানে বাংলালিংক। তবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের অবস্থান তালিকার ৩১তম। এমনকি টেলিটকের চেয়ে এগিয়ে রয়েছে ২৭টি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও অন্যান্য নেটওয়ার্ক।
এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (অ্যাপনিক) গবেষণা শাখা অ্যাপনিক ল্যাবসের প্রকাশিত এক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে। অনলাইন বিজ্ঞাপন ও ওয়েব ট্রাফিকের নমুনা বিশ্লেষণ করে প্রায় ৩ কোটি ৩৩ লাখ ব্যবহারকারীর তথ্যের ভিত্তিতে এ পরিমাপ তৈরি করা হয়েছে। এতে মোবাইল অপারেটর, আইএসপি ও বিশেষায়িত নেটওয়ার্কগুলোর সক্রিয় ওয়েব ব্যবহারের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
শীর্ষ তিনে তিন মোবাইল অপারেটর
অ্যাপনিক ল্যাবসের পরিসংখ্যান অনুযায়ী, তালিকার প্রথম স্থানে থাকা রবির ব্যবহারকারী ৪০ লাখ ৫১ হাজার ৪৫৯ জন। হিসাবকৃত মোট ব্যবহারকারীর ১২ দশমিক ১৭ শতাংশ রবি নেটওয়ার্কের আওতায় রয়েছে। বৈশ্বিক ইন্টারনেট ব্যবহারকারীর হিসাবে এ হার শূন্য দশমিক শূন্য ৯৭ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ব্যবহারকারী ৪০ লাখ ৪৩ হাজার ৭২০ জন। হিসাবকৃত মোট ব্যবহারকারীর ১২ দশমিক ১৫ শতাংশ এবং বৈশ্বিক হিসাবে শূন্য দশমিক শূন্য ৯৭ শতাংশ গ্রামীণফোনের দখলে।
তৃতীয় স্থানে রয়েছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির ব্যবহারকারী ১৬ লাখ ১১ হাজার ৮৪৯ জন, যা দেশের হিসাবকৃত মোট ব্যবহারকারীর ৪ দশমিক ৮৪ শতাংশ এবং বৈশ্বিক হিসাবে শূন্য দশমিক শূন্য ৩৯ শতাংশ।
শীর্ষ তিন মোবাইল অপারেটরের সম্মিলিত ব্যবহারকারী ৯৭ লাখ ৭ হাজার ২৮ জন। হিসাবকৃত মোট ব্যবহারকারীর প্রায় ২৯ দশমিক ১৬ শতাংশ এই তিন নেটওয়ার্কের আওতায় রয়েছে।
টেলিটকের চেয়ে এগিয়ে ২৭টি আইএসপি
রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক রয়েছে তালিকার ৩১তম স্থানে। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৮১৪ জন, যা হিসাবকৃত মোট ব্যবহারকারীর মাত্র শূন্য দশমিক ৬১ শতাংশ।
টেলিটকের ঠিক আগের, অর্থাৎ ৩০তম স্থানে রয়েছে বিজয় অনলাইন লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবহারকারী ২ লাখ ৩ হাজার ২৮৩ জন। তালিকার প্রথম ৩০টি অবস্থানের মধ্যে তিনটি মোবাইল অপারেটর ছাড়া বাকি ২৭টি নেটওয়ার্কের বেশিরভাগই আইএসপি।
অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অবস্থান ১৯তম। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে সক্রিয় ব্যবহারকারী ২ লাখ ৮৪ হাজার ৫০৯ জন, যা হিসাবকৃত মোট ব্যবহারকারীর শূন্য দশমিক ৮৫ শতাংশ।
শীর্ষ দশে সাত আইএসপি
মোবাইল অপারেটরগুলোর পর তালিকার চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত রয়েছে সাতটি আইএসপি। চতুর্থ স্থানে থাকা রেস অনলাইন লিমিটেডের ব্যবহারকারী ৭ লাখ ৫৮ হাজার ৩৩৮ জন, যা মোট হিসাবকৃত ব্যবহারকারীর ২ দশমিক ২৮ শতাংশ।
পঞ্চম স্থানে ডিজিকন টেলিকমিউনিকেশন লিমিটেডের ব্যবহারকারী ৬ লাখ ২৫ হাজার ৪৫৫ জন বা ১ দশমিক ৮৮ শতাংশ। ষষ্ঠ স্থানে রয়েছে হ্যালোটেক লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবহারকারী ৫ লাখ ৭৬ হাজার ৪৭৭ জন বা ১ দশমিক ৭৩ শতাংশ।
সপ্তম স্থানে লিংকথ্রি টেকনোলজিসের ব্যবহারকারী ৫ লাখ ৬০ হাজার ১১২ জন। অষ্টম স্থানে অন্তরঙ্গ ডট কমের ৪ লাখ ৮৩ হাজার ৮৩৪ জন, নবম স্থানে অ্যাম্বার আইটির ৪ লাখ ৭৭ হাজার ১৩৩ জন এবং দশম স্থানে আইসিসি কমিউনিকেশনের ৪ লাখ ৪০ হাজার ২৭২ জন ব্যবহারকারী রয়েছে।
চতুর্থ থেকে দশম স্থানে থাকা সাতটি নেটওয়ার্কের সম্মিলিত ব্যবহারকারী প্রায় ৩৯ লাখ ২১ হাজার ৬২১ জন। হিসাবকৃত মোট ব্যবহারকারীর প্রায় ১১ দশমিক ৭৭ শতাংশ এই সাত নেটওয়ার্কের আওতায় রয়েছে। এ ছাড়া তালিকার প্রথম ৪০৮টি নেটওয়ার্কের ব্যবহারকারী যোগ করলে সংখ্যা দাঁড়ায় প্রায় ২ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার। এটি মোট হিসাবকৃত ব্যবহারকারীর প্রায় ৭৮ শতাংশ।
স্টারলিংক, ক্লাউডফ্লেয়ার ও বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কের অবস্থান
মোবাইল অপারেটর ও আইএসপির বাইরে বিশেষায়িত নেটওয়ার্কগুলোর উপস্থিতিও রয়েছে অ্যাপনিকের তালিকায়। ক্লাউডফ্লেয়ার রয়েছে ৩৯তম স্থানে। প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ব্যবহারকারী ১ লাখ ৬১ হাজার ৩০৫ জন।
স্যাটেলাইট ইন্টারনেট-সংশ্লিষ্ট নেটওয়ার্কের মধ্যে স্পেসএক্স স্টারলিংক রয়েছে ১৮৪তম স্থানে। এর ব্যবহারকারী ২৮ হাজার ৪২৪ জন। স্পেসএক্স অনলাইন রয়েছে ২৮২তম স্থানে, যার ব্যবহারকারী ১৮ হাজার ৮১৭ জন।
শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে ৩৪৪তম স্থানে। এর ব্যবহারকারী ১৪ হাজার ৫৫৩ জন। বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) রয়েছে ৪০৩তম স্থানে, যার ব্যবহারকারী ১১ হাজার ৯৭০ জন। তালিকার একেবারে শেষ প্রান্তে ১ হাজার ৩০০তম স্থানে রয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রতিষ্ঠানটির নেটওয়ার্ক ব্যবহারকারী ১৩২ জন।
অ্যাপনিক ল্যাবসের এই পরিমাপে বাংলাদেশের সক্রিয় ওয়েব ও ব্রাউজিং ব্যবহারে মোবাইল ডেটার পাশাপাশি ব্রডব্যান্ড নেটওয়ার্কের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাচ্ছে। বাসা ও কর্মক্ষেত্রে ওয়াই-ফাই ব্যবহার এবং প্রয়োজন অনুযায়ী মোবাইল ডেটা চালু বা বন্ধ রাখার অভ্যাসও নেটওয়ার্কভিত্তিক ট্রাফিকের পরিমাপে প্রভাব ফেলতে পারে।
তবে এ পরিসংখ্যানকে মোবাইল অপারেটর বা আইএসপিগুলোর মোট গ্রাহকসংখ্যার সরাসরি হিসাব হিসেবে দেখার সুযোগ নেই। এটি অনলাইন বিজ্ঞাপন ও ওয়েব ট্রাফিকের নমুনাভিত্তিক পরিমাপ। ফলে তালিকাটি নেটওয়ার্কভিত্তিক সক্রিয় ব্যবহার ও ওয়েব ট্রাফিকের তুলনামূলক চিত্র তুলে ধরে; কোনো প্রতিষ্ঠানের মোট সংযোগ বা নিবন্ধিত গ্রাহকসংখ্যা নয়।




















