আন্তর্জাতিক ব্র্যান্ডের রেফ্রিজারেটর কিনে বিক্রয়োত্তর সেবা নিয়ে ভোগান্তিতে পড়ার অভিযোগ করেছেন গ্রাহক মো. রকিবুল হায়দার চৌধুরী। তাঁর অভিযোগ, ওয়ারেন্টির আওতায় থাকা হাইসেন্সের একটি নো ফ্রস্ট ডাবল ডোর রেফ্রিজারেটর ঠান্ডা করা বন্ধ করে দেওয়ার পর গত দেড় মাসের বেশি সময়েও সেটি মেরামত করে দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকার কথা জানিয়ে বারবার নতুন সময় দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। এ ঘটনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরেও অভিযোগ করেছেন তিনি।
মো. রকিবুল হায়দার চৌধুরী জানান, ২০২৫ সালের ৩০ মার্চ তিনি হাইসেন্সের একটি নো ফ্রস্ট ডাবল ডোর রেফ্রিজারেটর কেনেন। আন্তর্জাতিক ব্র্যান্ডের পণ্য হওয়ায় ভালো মানের পাশাপাশি নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাওয়ার প্রত্যাশা ছিল তাঁর। কিন্তু ফ্রিজটি হঠাৎ ঠান্ডা করা বন্ধ করে দিলে সেই প্রত্যাশার বিপরীত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।
গ্রাহকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ অক্টোবর প্রথমবার হাইসেন্সের কাস্টমার কেয়ারে অভিযোগ জানান তিনি। অভিযোগ গ্রহণ করা হলেও কার্যকর কোনো যোগাযোগ পাননি। পরে ১১ অক্টোবর একাধিকবার ফোন করার পর একজন সার্ভিস ইঞ্জিনিয়ার তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং বাসায় গিয়ে ফ্রিজ পরীক্ষা করার আশ্বাস দেন। তবে এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সেন্সর নেই, বারবার বদলেছে মেরামতের তারিখ
রকিবুল হায়দার চৌধুরীর অভিযোগ, ২১ অক্টোবর একাধিকবার যোগাযোগের পর একজন সার্ভিস ইঞ্জিনিয়ার তাঁর বাসায় গিয়ে রেফ্রিজারেটর পরীক্ষা করেন। তখন তাঁকে জানানো হয়, সেন্সর নষ্ট হয়ে যাওয়ায় ফ্রিজটি ঠান্ডা হচ্ছে না। প্রয়োজনীয় সেন্সর কোম্পানির কাছে নেই, সেটি আমদানি করা হচ্ছে। ১০ নভেম্বরের মধ্যে যন্ত্রাংশটি পাওয়া যেতে পারে বলেও জানানো হয়।
এ সময় ওই ইঞ্জিনিয়ার তাঁর এক জ্যেষ্ঠ সহকর্মীর মোবাইল নম্বর দেন। তাঁর সঙ্গে যোগাযোগ করেও সমস্যার সমাধান কিংবা যন্ত্রাংশ আসার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাননি বলে দাবি করেন গ্রাহক।
তিনি জানান, ৯ নভেম্বর আবার যোগাযোগ করলে সার্ভিস ইঞ্জিনিয়ার তাঁকে বলেন, প্রয়োজনীয় সেন্সর এসেছে এবং পরদিন সেটি পরিবর্তন করে দেওয়া হবে। কিন্তু ১০ নভেম্বর ওই ইঞ্জিনিয়ার বাসায় যাননি, এমনকি কোনো যোগাযোগও করেননি।
পরদিন ১১ নভেম্বর ফোন করলে তাঁকে জানানো হয়, ইঞ্জিনিয়ারের কাছে থাকা সেন্সরটি অন্য এক গ্রাহকের সার্ভিসের জন্য রংপুরে পাঠানো হয়েছে। এরপর তিন দিনের মধ্যে তাঁর সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। তবে সেই আশ্বাসও বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
কাস্টমার কেয়ারে অভিযোগ, মিলছে না সমাধান
গ্রাহকের দাবি, এরপরও তিনি নিয়মিত কাস্টমার কেয়ার ও সংশ্লিষ্ট সার্ভিস ইঞ্জিনিয়ারের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু কাস্টমার কেয়ার থেকে প্রতিবারই তাঁকে জানানো হয়েছে, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। সমস্যার সমাধান কবে হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
তাঁর অভিযোগ, শুরুতে প্রয়োজনীয় সেন্সর ১০ নভেম্বরের মধ্যে পাওয়া যাবে বলে জানানো হলেও সর্বশেষ এক জ্যেষ্ঠ প্রকৌশলী জানিয়েছেন, যন্ত্রাংশটি ৫ ডিসেম্বর আসতে পারে। ফলে ফ্রিজটি কবে সচল হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
রকিবুল হায়দার চৌধুরী বলেন, ওয়ারেন্টির আওতায় থাকা পণ্য নষ্ট হলে নির্ধারিত সময়ের মধ্যে সার্ভিস পাওয়া গ্রাহকের প্রত্যাশা। কোম্পানি সময়মতো সেবা দিতে না পারলে তার দায় গ্রাহকের ওপর চাপানো উচিত নয়। ওয়ারেন্টি শুধু পণ্য বিক্রির সময় প্রচারের বিষয় নয়, প্রয়োজনে গ্রাহককে সেবা দেওয়ার নিশ্চয়তাও হওয়া উচিত।
নতুন ফ্রিজ প্রতিস্থাপনের দাবি
ভোগান্তির কথা তুলে ধরে তিনটি দাবি জানিয়েছেন এই গ্রাহক। প্রথমত, দ্রুত তাঁর রেফ্রিজারেটর মেরামত করে সচল করে দিতে হবে। দ্বিতীয়ত, ওয়ারেন্টির আওতায় যথাসময়ে সার্ভিস দিতে ব্যর্থ হলে নতুন রেফ্রিজারেটর প্রতিস্থাপন করতে হবে। তৃতীয়ত, সার্ভিস দিতে বিলম্বের কারণে ওয়ারেন্টির যে সময় নষ্ট হচ্ছে, তার যথাযথ প্রতিকার দিতে হবে।
তিনি জানান, ইতোমধ্যে বিষয়টি নিয়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁর ভাষ্য, কাউকে হেয় করা নয়, বরং নিজের অভিজ্ঞতা তুলে ধরার উদ্দেশ্যেই তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন, যাতে অন্য ক্রেতারা পণ্য কেনার আগে বিক্রয়োত্তর সেবা সম্পর্কে সচেতন হতে পারেন।



















