দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আদালত কর্তৃক দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক বাস্তবায়ন) বেলাল হোসেন চৌধুরী অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন। ইন্দোনেশিয়া সফরের একটি সরকারি আদেশকে (জিও) ঢাল হিসেবে ব্যবহার করে তিনি গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা ত্যাগ করেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
এই ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তদারকি নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
সূত্র জানায়, বেলাল চৌধুরী সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে সিডনির উদ্দেশে যাত্রা করেন। অথচ, অর্থ মন্ত্রণালয় তাকে যে ভ্রমণের অনুমোদন দিয়েছিল, তা ছিল ইন্দোনেশিয়ায় একটি প্রকল্পে অংশগ্রহণের জন্য।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক আকতারুল ইসলাম গত আগস্ট মাসের শেষ সপ্তাহেও গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন যে, বেলাল হোসেন চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এমন কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তিনি কীভাবে দেশ ছাড়লেন, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে এটিই একমাত্র অভিযোগ নয়। দুদকের নথিতে তার বিরুদ্ধে আরও একাধিক গুরুতর অভিযোগের তদন্ত চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে:
- বেনাপোল কাস্টমসে স্বর্ণ চুরি।
- বিট কয়েনের মাধ্যমে অর্থ পাচার।
- অনুমতিবিহীন একাধিকবার বিদেশ ভ্রমণ।
- পরিবারের সদস্যদের জন্য বিদেশী নাগরিকত্ব গ্রহণ।
- লাগামহীন ঘুষ গ্রহণ।
এই ঘটনায় দুদকের ভূমিকা এবং মন্ত্রণালয়ের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একজন অভিযুক্ত শীর্ষ কর্মকর্তার দেশত্যাগ রাষ্ট্রের শাসনব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।






















