পুঁজিবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক পিএলসি চলতি হিসাববছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ভয়াবহ ব্যবসায়িক পতনের শিকার হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ব্যাংকটির মুনাফা ৮১৮ শতাংশ কমে গিয়ে বড় ধরনের লোকসানে পড়েছে। মুনাফায় থাকা ব্যাংকটি এখন শেয়ারপ্রতি দুই টাকার বেশি লোকসান গুনছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকের প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৫) এনআরবি ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ০১ পয়সা। অথচ গত বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিল ২৮ পয়সা। অর্থাৎ, বছরের ব্যবধানে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় কমেছে ২ টাকা ২৯ পয়সা বা ৮১৮ শতাংশ।
শুধু নয় মাসের হিসাবেই নয়, তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) হিসাবেও ব্যাংকটির ব্যবসায় ধস নেমেছে। এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ পয়সা (মুনাফা)। প্রান্তিক ব্যবধানে আয় কমেছে ৯০ পয়সা বা ৭৫০ শতাংশ।
এদিকে, গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সায়।
চতুর্থ প্রজন্মের এই ব্যাংকটির আর্থিক অবস্থার এমন অবনতি বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।






















