দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী আরএফএল এবার পার্টিকেল বোর্ড উৎপাদন ও বিপণনের ব্যবসায় নেমেছে। নতুন ব্র্যান্ড ‘প্লাইম্যাক্স’ নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় নতুন ব্র্যান্ডের মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে বর্তমানে পার্টিকেল বোর্ডের বার্ষিক বাজার প্রায় ৩ হাজার কোটি টাকা, যা বার্ষিক প্রবৃদ্ধির ১২ শতাংশ। দেশের বাজারে ব্যবহৃত পার্টিকেল বোর্ডের ৭০-৭৫ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদন করা হয়, বাকি ২৫-৩০ শতাংশ মূলত ভারত, চীন ও মালয়েশিয়া থেকে আমদানি করা হয়।
এ সময় আরো জানানো হয়, নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজস্ব কারখানায় উৎপাদিত প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডের প্রতি পিসের সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৯৬০ টাকা। এ কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ১৩ লাখ পিস, যা আগামী দুই বছরের মধ্যে পাঁচ গুণ বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এ খাতে আরএফএল শিল্পগোষ্ঠীর মোট বিনিয়োগ ২০০ কোটি টাকা। যার মাধ্যমে বর্তমানে মোট ৫০০ জনের কর্মসংস্থান হয়েছে। আগামী দুই বছরে আরো এক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য রয়েছে আরএফএলের।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, ‘বাংলাদেশে “ইঞ্জিনিয়ারড উড” পণ্যের চাহিদা দ্রুত বাড়ছে। বিভিন্ন ধরনের আসবাবপত্রসহ ইন্টেরিয়র খাতে আমাদের বিদ্যমান ব্যবসার ধারাবাহিকতা বজায় রাখতে এবং ক্রেতাদের জন্য সাশ্রয়ী ও মানসম্পন্ন বিকল্প দিতে আমরা ‘প্লাইম্যাক্স’ বাজারে এনেছি। আশা করছি, এটি গ্রাহকদের আস্থা অর্জন করবে।’ তবে কাঁচামাল আমদানি সহজ ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থাকে শক্তিশালী করা হলে এ খাত দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে আরএফএলের অঙ্গপ্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, আরএফএল গ্রুপের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনিম, প্লাইম্যাক্স পার্টিকেল বোর্ডের প্রধান পরিচালন কর্মকর্তা মো. মেহেদী হাসান এবং বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেডের হেড অব মার্কেটিং শফিক শাহীনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।






















