ডাচ বাংলা ব্যাংকের এক এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নিয়ে স্বত্বাধিকারী উধাও হয়ে গেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী গ্রাহকরা তাদের জমাকৃত টাকা ফেরতের দাবিতে ভোলায় ব্যাংকের জেলা শাখার সামনে মানববন্ধন করেছেন।
অভিযুক্ত এজেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠানটির নাম মেসার্স রাহাত এন্টারপ্রাইজ।
রবিবার (২ নভেম্বর) দুপুরে ভোলা সদর রোডে ডাচ বাংলা ব্যাংকের জেলা শাখার সামনে আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগীরা জানান, তারা বরিশালের মেহেন্দীগঞ্জের মাঝকাজি বাজারে অবস্থিত ‘মেসার্স রাহাত এন্টারপ্রাইজ’ নামক এজেন্ট ব্যাংকিং শাখায় বিশ্বাস করে তাদের কষ্টার্জিত টাকা জমা রেখেছিলেন।
কিন্তু গত ৮ জুলাই এজেন্ট ব্যাংকিংয়ের প্রোপ্রাইটর মো. ইব্রাহীম জব্বার এবং ম্যানেজার মো. ফাহাদ হোসেন মিনহাজ গ্রাহকদের প্রায় ৬০ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যান। এরপর থেকে ওই এজেন্ট ব্যাংকিংয়ের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ভুক্তভোগী গ্রাহকরা জানান, টাকা হারিয়ে তারা দিশেহারা। ব্যাংকে বার বার যোগাযোগ করেও কোনো সমাধান না পেয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন। তারা দ্রুত তাদের জমাকৃত টাকা ফেরত পেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।






















