ফোল্ডেবল স্মার্টফোনের জন্য ২০২৬ সাল হতে যাচ্ছে বড় রকমের পরিবর্তনের বছর। এ বছর বড় বড় নির্মাতা প্রতিষ্ঠান একের পর এক নতুন ডিজাইন ও প্রযুক্তির ফোল্ডেবল ফোন নিয়ে হাজির হতে যাচ্ছে, যা ব্যবহারকারীর অভ্যাসই বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাজার পর্যবেক্ষকদের মতে, ২০২৬ সালে পাঁচটি ফোল্ডেবল ফোন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। এগুলো হলো—
স্যামসাং ট্রাইফোল্ড
স্যামসাংয়ের বহু প্রতীক্ষিত ট্রাইফোল্ড ফোন ২০২৬ সালে বাজারে আসতে পারে। এতে শক্তিশালী মোবাইল প্রসেসর, উন্নত ক্যামেরা ও মাল্টিটাস্কিং সুবিধার সফটওয়্যার সংযুক্ত থাকবে। প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে, খুব পাতলা হিঞ্জ প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া এর ফোল্ডেবল ফোনের স্থায়িত্ব নিয়েও কাজ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের শুরুতে কোনো বড় ইভেন্টে উন্মোচিত হয়ে এটি বাজারে আসবে।
হুয়াওয়ে এক্স৭
হুয়াওয়ে মেট এক্স৭ সিরিজের আপডেটেড সংস্করণ ফোনটিতে ভেতরে আট ইঞ্চির নমনীয় ওএলইডি ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট থাকবে। বাইরে থাকবে ৬ দশমিক ৪৯ ইঞ্চির স্ক্রিন। কিরিন ৯০৩০ প্রো চিপসেট, সর্বোচ্চ ২০ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজের সঙ্গে চলবে হারমনি অপারেটিং সিস্টেম। ২০২৫ সালের শেষ দিকে চীনে এটি উন্মোচন হলেও চলতি বছরের মাঝামাঝি সময় বিশ্ববাজারে আসার সম্ভাবনা রয়েছে।
মটোরোলা রেজর ফোল্ড
মোটোরোলার প্রথম বইয়ের মতো ফোল্ডেবল এ ফোনে ৬ দশমিক ৬ ইঞ্চির কভার স্ক্রিন ও ভেতরে ৮ দশমিক ১ ইঞ্চির বড় এলটিপিও ডিসপ্লে রয়েছে। এতে মোটো পেন আলট্রা ব্যবহার করে একসঙ্গে বহু কাজ করা যাবে। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ ও উচ্চমানের সেলফি ক্যামেরাও থাকছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে এটি বৈশ্বিক বাজারে আসতে পারে।
ভিভো এক্স ফোল্ড ৬
ভিভোর নতুন ফোল্ডেবল ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও উন্নত ডিজাইনও যুক্ত হবে। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে এর দাম জানানো হতে পারে।
ফোল্ডেবল আইফোন
অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনটি ২০২৬ সালের শেষ দিকে বাজারে আসতে পারে। বইয়ের মতো ফোল্ডেবল এ ফোনে ৭ দশমিক ৮ ইঞ্চির ভেতরের পর্দা ও ৫ দশমিক ৫ ইঞ্চির বাইরের স্ক্রিন থাকবে। টাইটেনিয়াম বডি, পাশে টাচ আইডি ও উন্নত ক্যামেরা থাকার সম্ভাবনাও রয়েছে। উৎপাদন শুরু হতে পারে বছরের শেষ দিকে। —ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে






















