দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ ভিভো এক্স৫০০-এর ডিজাইনের প্রথম ঝলক প্রকাশ করেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। সিরিজটিতে এক্স৫০০, এক্স৫০০ প্রো ও এক্স৫০০ প্রো ম্যাক্স—এই তিনটি মডেল থাকার কথা রয়েছে।
নতুন সিরিজের সঙ্গে ভিভো ওয়াচ ৬ এবং ভিভো বাডস ক্লিপ উন্মোচনেরও প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিন মডেলে ভিন্ন ডিজাইন
প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিভো এক্স৫০০ মডেলের ক্যামেরা নকশায় আগের এক্স৯০ সিরিজের প্রভাব দেখা যাবে। আয়তাকার ক্যামেরা মডিউলের এক পাশে থাকবে বড় গোলাকার ক্যামেরা প্যানেল। ফোনটি সাদা, ধূসর, ডন/গোলাপি এবং কালো রঙে আসতে পারে।
অন্যদিকে এক্স৫০০ প্রো মডেলে বড় গোলাকার ক্যামেরা আইল্যান্ড ব্যবহার করা হয়েছে। এ মডেলের সম্ভাব্য রঙের মধ্যে রয়েছে ধূসর, সাদা, কমলা ও কালো।
সিরিজের সবচেয়ে বড় মডেল এক্স৫০০ প্রো ম্যাক্স-এর নকশাও প্রো সংস্করণের কাছাকাছি। তবে এতে বড় ডিসপ্লের পাশাপাশি ফোনের বাঁ পাশে অতিরিক্ত একটি শর্টকাট বাটন থাকার তথ্য পাওয়া গেছে।
ক্যামেরায় গুরুত্ব
ভিভোর নতুন ফ্ল্যাগশিপ সিরিজে ক্যামেরা ও ভিডিও সক্ষমতায় বড় ধরনের উন্নতির ইঙ্গিত মিলেছে। এতে জাইসের অপটিক্যাল প্রযুক্তির পাশাপাশি সনি ও ভিভোর যৌথ প্রযুক্তির ব্লুপ্রিন্ট লাইটগার্ড ৯০০ সেন্সর ব্যবহারের কথা রয়েছে।
প্রো এবং প্রো ম্যাক্স মডেলে ৪কে ২৪০ ফ্রেম-প্রতি-সেকেন্ড স্লো-মোশন, ৪কে ১২০ ফ্রেম-প্রতি-সেকেন্ড এইচডিআর ভিডিও এবং ১০-বিট লগ ভিডিও ধারণের সুবিধা থাকতে পারে।
শক্তিশালী প্রসেসর ও উচ্চ রিফ্রেশ রেট
ফ্ল্যাগশিপ মডেলগুলোতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট ব্যবহারের তথ্য রয়েছে। চিপটি ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি বলে দাবি করা হচ্ছে।
এক্স৫০০ প্রো ম্যাক্স মডেলে থাকতে পারে ৬.৮৫ ইঞ্চির ২কে রেজ্যুলেশনের BOE Q11 অ্যামোলেড ডিসপ্লে। এতে সর্বোচ্চ ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সমর্থনের কথাও জানা গেছে।
কবে আসছে?
প্রকাশিত তথ্য অনুযায়ী, ভিভো এক্স৫০০ সিরিজের চীন বাজারে আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে ২১ সেপ্টেম্বর ২০২৬। বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে এ নিয়ে আয়োজন হওয়ার কথা রয়েছে।
চীনের পর অক্টোবর মাসে ভারতের বাজারে এবং নভেম্বর নাগাদ অন্যান্য আন্তর্জাতিক বাজারে সিরিজটি আনার সম্ভাবনা রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে মডেল, স্পেসিফিকেশন ও মূল্য নিয়ে ভিভোর আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।




















