পরবর্তী ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস২৬ এজে বড় ব্যাটারি যুক্ত করার পরিকল্পনা করছে স্যামসাং। পাশাপাশি আগের মডেল গ্যালাক্সি এস২৫ এজের তুলনায় ডিভাইসটি আরো পাতলা হবে বলে জানা গেছে।
গ্যালাক্সি এস২৬ এজের ব্যাটারি নিয়ে সাম্প্রতিক সময়ে ভিন্ন ভিন্ন তথ্য সামনে আসছে। এর আগে এক প্রতিবেদনে ৪ হাজার ২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের (এমএআইচ) ব্যাটারির কথা বলা হলেও সম্প্রতি এক টিপস্টারের তথ্যানুযায়ী, এতে ৪ হাজার ৪০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
বর্তমান গ্যালাক্সি এস২৫ এজ ফোনটিতে আছে ৩ হাজার ৯০০ এমএএইচ ব্যাটারি এবং এর পুরুত্ব ৫.৮ মিলিমিটার।
টিপস্টার ফোনআর্থ এক্সে দাবি করেছেন, স্যামসাং গ্যালাক্সি এস২৬ এজ ফোনে ৪ হাজার ৪০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
তিনি বলেন, ‘গ্যালাক্সি এস২৬ এজের ব্যাটারি নিয়ে অনলাইনে ভিন্ন তথ্য ছড়িয়েছে। বিষয়টি আমি আবারো যাচাই করব। তাই আনুষ্ঠানিক ঘোষণা না পাওয়া পর্যন্ত এ তথ্য নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক।’
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গ্যালাক্সি এস২৫ এজের তুলনায় পরবর্তী সংস্করণটি আরো পাতলা হবে বলে ধারণা করা হচ্ছে। তাই পাতলা ডিজাইনের মধ্যেই বড় ব্যাটারি যুক্ত করতে স্যামসাং নতুন ব্যাটারি প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে। এতে লিথিয়াম-আয়ন ব্যাটারির পরিবর্তে আরো উন্নত সিলিকন-কার্বন ব্যাটারি ব্যবহার করা হতে পারে।
সিলিকন কার্বন ব্যাটারির বৈশিষ্ট্য হলো বেশি চার্জ ধারণক্ষমতা ও পাতলা ডিজাইনের সুবিধা। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম স্মার্টফোনে এ ব্যাটারির ব্যবহার শুরু হয়। তবে এটি ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেতে শুরু করে ২০২৪ সালের দ্বিতীয়ার্ধ থেকে। ওই সময় অনর এক্স৬০ প্রো, রেডমি কে৮০ ও ভিভো এস১৯-এর মতো জনপ্রিয় মডেলগুলোয় এ প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ে।
এছাড়া ইউরোপের বাজারে গ্যালাক্সি এস২৬ সিরিজের স্মার্টফোনগুলোয় স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোস ২৬০০ চিপসেট ব্যবহার হবে বলে ধারণা করা হচ্ছে।
কোম্পানিটি সম্প্রতি জানিয়েছে, এটি হবে নিজেদের প্রথম চিপসেট যা স্যামসাং ফাউন্ড্রির ২ ন্যানোমিটার গেইট-অল-অ্যারাউন্ড প্রযুক্তিতে তৈরি। উন্নত এ প্রযুক্তি চিপের কার্যক্ষতা ও শক্তি সাশ্রয়ের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে।






















