ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯। পূর্ণাঙ্গ এ তালিকা আজ রাতের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
সোমবার (১১ আগস্ট) দ্যা ঢাকা ডাইরিকে বিষটি নিশ্চিত করেন ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, আমরা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের চেষ্টা করছি। কিছু কাজ এখনও বাকি। চূড়ান্ত ভোটার তালিকা মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন। নির্বাচনের তফশিল অনুযায়ী আজ সোমবার (১১ আগস্ট) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে।
এর আগে এ দিন বিকেলে চীফ রিটার্নিং অফিসার স্বাক্ষতির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও তালিকায় বহিষ্কৃত ও মামলায় অভিযুক্ত কোনো শিক্ষার্থীর নাম অন্তর্ভুক্ত থাকলে উপযুক্ত তথ্য-প্রমাণ পাওয়া সাপেক্ষে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
৩০ জুলাই ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৯৩২ জন। অর্থাৎ, চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে ২৯৩ জন ভোটার।
ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ হবে আগামীকাল ১২ তারিখ থেকে থেকে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট মনোনয়নপত্র বাছাই ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট। এরপর ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর। জানা গেছে, প্রথমবারের মত হলের বাহিরে ছয়টি কেন্দ্রে এবার ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।





















