শিবির নেতাদের ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভুয়া আইডির’ মাধ্যমে রাজনীতি করে। তারা নারী ও রাজনৈতিক কর্মীদের চরিত্রহনন করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরও উপস্থিত ছিলেন।
রাকিব বলেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং হয়রানিতে জড়িত। ছাত্রদলের নারী নেত্রী মানসুরা, ফাহমিদা এবং আরও শতাধিক নারী কর্মী নিয়মিত শিবিরের সাইবার বুলিংয়ের শিকার।
তিনি অভিযোগ করে বলেন, ফরহাদের পক্ষ হয়ে মামলা লড়ার জন্য এমন একজন আইনজীবীকে নিয়োগ করা হয়েছে যিনি একসময় ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ছিলেন।
মানববন্ধনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, সম্প্রতি এক নারী শিক্ষার্থী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করার কারণে ছাত্রশিবিরের এক গুপ্ত সদস্য তাকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছেন।
২ কেজির ইলিশ বিক্রি হল ৬ হাজার ৯০ টাকায়২ কেজির ইলিশ বিক্রি হল ৬ হাজার ৯০ টাকায়
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী রাজনৈতিক কর্মী ও শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের সদস্যরা নিয়মিতভাবে সাইবার বুলিং চালাচ্ছে। অতীতে রাজশাহী ও চট্টগ্রামে বামপন্থী এবং রাজনৈতিক নারী কর্মীরা ছাত্রশিবিরের আক্রমণের শিকার হয়েছেন।
তিনি অভিযোগ করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশেষ করে উপাচার্য এবং প্রক্টর, ছাত্রশিবিরের ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে অবগত থাকলেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
মানববন্ধনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।






















