ইসরায়েলের আকাশজুড়ে এখন কেবলই সাইরেনের আর্তনাদ আর ক্ষেপণাস্ত্রের গর্জন। ইরান থেকে ধেয়ে আসা একের পর এক মিসাইল আছড়ে পড়ছে ইসরায়েলের বুক চিরে। তেল আবিবসহ প্রধান শহরগুলোতে শোনা যাচ্ছে ভয়াবহ বিস্ফোরণের শব্দ।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দেশটির সেনাবাহিনী সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা আকাশপথের এই বিশাল হুমকি মোকাবিলা করার চেষ্টা করছে। তবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে শতভাগ নিশ্ছিদ্র নয়, সেটিও স্বীকার করে নিয়েছে সামরিক বাহিনী। বিশেষ করে তেল আবিবের মতো জনবহুল এলাকায় বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আল জাজিরার তথ্যমতে, উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ৯ তলা ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাজেন ডেভিড আদম জানিয়েছে, বিস্ফোরণের ফলে ছড়িয়ে পড়া শার্পনেলের আঘাতে অন্তত একজন আহত হয়েছেন।
বর্তমানে পুরো দেশটিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংকারে বা নিরাপদ স্থানে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।





















