ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের ‘শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।
জাতির উদ্দেশে দেওয়া ওই ভাষণের আধা ঘণ্টা আগে পেজেশকিয়ান তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দেন।
সেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা ইরানে ‘ইসলামী প্রজাতন্ত্রের সরকারের দায়িত্ব ও কর্তব্য পালনের সংকল্পকে বাধাগ্রস্ত করতে পারবে না’।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী।
এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান অন্তত ৩০ জন শীর্ষ নেতা নিহত হয়েছেন। ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।
আল-জাজিরা বলছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে ২০১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত শতাধিক।
ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরায়েলে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১২১ জন আহত হয়েছেন। আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাতে আরব আমিরাতে ৩ জন, কুয়েতে ১ জন এবং ইরানে ২ জন নিহত হয়েছেন।
আমিরাতে নিহতদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।






















