দুই বছর পর এই প্রথমবার এ বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনে আইফোনের বিক্রি বেড়েছে অ্যাপলের। কোম্পানিটির অন্যতম গুরুত্বপূর্ণ এই বাজারে ব্যবসা ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে মার্কিন টেক জায়ান্টটি।
প্রযুক্তিবিষয়ক গবেষণার জন্য পরিচিত কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্য অনুসারে, এ বছরের জুন মাস পর্যন্ত অর্থাৎ তিন মাসে চীনে আইফোনের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে আট শতাংশ। ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকের পর এই প্রথম চীনে বিক্রি বেড়ে যাওয়ার রেকর্ড করেছে অ্যাপল।
কাউন্টারপয়েন্ট বলেছে, অ্যাপলের বিক্রি বেড়েছে মে মাসে কোম্পানিটির চালানো বিভিন্ন প্রোমোশনের কারণে, যেখানে তাদের নতুন ডিভাইস ও আইফোন ১৬ মডেলের ওপর ছাড় দিয়েছিল চীনের বিভিন্ন ই-কমার্স সাইট। পাশাপাশি অ্যাপল কিছু আইফোনের ট্রেড-ইন মূল্যও বাড়িয়েছিল, যা বিক্রি বাড়াতে সহায়ক হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে কাউন্টারপয়েন্টের সহযোগী পরিচালক ইথান চি বলেছেন, “মে মাসে অ্যাপলের আইফোনের দামে সমন্বয়ের বিষয়টি সময়োপযোগী ছিল এবং গ্রাহকদের কাছেও গ্রহণযোগ্যতা পেয়েছে এটি। এমনটি চীনের ৬১৮ শপিং ফেস্টিভালের এক সপ্তাহ আগেই এটি করেছিল তারা।”
প্রসঙ্গত, চীনে প্রতি বছর জুন মাসে অনুষ্ঠিত ৬১৮ শপিং ফেস্টিভালে বিভিন্ন ই-কমার্স কোম্পানি বড় ধরনের ছাড় দিয়ে থাকে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি।
চীনে আইফোনের বিক্রি আবারও বাড়তে শুরু করায় স্বস্তি ফিরে পাবেন বিনিয়োগকারীরা। কারণ, এ বছর কোম্পানির শেয়ারের মূল্য প্রায় ১৫ শতাংশ কমেছে এবং বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখেও পড়েছে অ্যাপল।
এদিকে, অ্যাপলকে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং কোম্পানির সিইও টিম কুককে আইফোন আমেরিকায় তৈরি করার আহ্বানও জানিয়েছেন তিনি, যা বিশেষজ্ঞদের মতে বাস্তবায়ন প্রায় অসম্ভব বলে প্রতিবেদনে লিখেছে সিএনবিসি।
অন্যদিকে, অ্যাপলের জন্যও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চীন। এর আগে হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসা মার্কিন নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হলেও ২০২৩ সালের শেষ দিকে উন্নত চিপওয়ালা নতুন ফোন বাজারে এনে আবারও ঘুরে দাঁড়ায় চীনা কোম্পানিটি। কারণ অনেকেই ভেবেছিলেন, এ ধরনের চিপ চীনের পক্ষে তৈরি করা কঠিন হবে।
এরপর থেকে চীনে আগ্রাসীভাবে নতুন ডিভাইস বাজারে আনছে ও ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারেও ফিরে আসার চেষ্টা করছে হুয়াওয়ে। চীনে অ্যাপলের বাজারের কিছু অংশও দখল করে নিতে সফল হয়েছে দেশটির টেক জায়ান্টটি।
কাউন্টারপয়েন্ট বলেছে, হুয়াওয়ের বিক্রি দ্বিতীয় প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। ওই সময় চীনে বাজার শেয়ারের দিক থেকে সবচেয়ে বড় কোম্পানি ছিল হুয়াওয়ে, তার পরেই রয়েছে ভিভো ও তৃতীয় স্থানে অ্যাপল।
কাউন্টারপয়েন্টের সিনিয়র বিশ্লেষক ইভান ল্যাম বলেছেন, “এখনও নিজেদের মূল গ্রাহকদের বিশ্বস্ততার ওপর টিকে আছে হুয়াওয়ে, বিশেষ করে যারা কোম্পানিটির পুরানো ফোন বদলে নতুন ডিভাইস কিনছেন, তাদের ওপর।”





















