১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। অবস্থানকালে ছাত্রশিবিরের এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে সেখানে অবস্থান নেওয়া যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ৯টার পর এই ঘটনা ঘটেছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হয়েছে।
জানা গেছে, হামলার শিকার ওই শিবির নেতার নাম মুহাম্মদ মামুন। তিনি ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।
ঢাকা কলেজ শাখা শিবিরের বরাত দিয়ে রাত ১০টার দিকে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামুন ঢাকা কলেজের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তিনি ধানমন্ডি ৩২ নাম্বার হয়ে ব্যক্তিগত কাজে যাওয়ার সময় তার ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে পরিচয় জানার পরে যুবদলের একজন সবার পক্ষ থেকে ‘সরি’ বলছে। বিষয়টি সেখানেই সমাধান হয়েছে।
রাত সাড়ে ১০টার দিকে পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমি ঘটনাস্থলে একটু আগে এসেছি। এরকম কিছু শুনিনি। এটা ভুল বোঝাবুঝি হতে পারে। তারপরও খোঁজ নিচ্ছি।





















