স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের যে ভিত্তি স্থাপন করে গেছেন, সেটিকে আরও শক্তিশালী ও সময়োপযোগী রূপ দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রোববার রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এ সময় নারীশিক্ষায় বেগম খালেদা জিয়ার নেওয়া নানা পদক্ষেপের প্রশংসা করে বিশ্বব্যাপী তাঁর স্বীকৃতি ও সুনামের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি। নারী অধিকার রক্ষায় বিএনপি সরকারের ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি। এ সময় নারীদের অধিকার রক্ষায় বিএনপি সরকারের নেওয়া নানা পদক্ষেপে সবাইকে পাশে থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি।
এর আগে অনুষ্ঠানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে পুরস্কারটি রাষ্ট্রপতির হাত থেকে গ্রহণ করেন তাঁর নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার মোট পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে দেওয়া হয়েছে শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ও খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান বলেন, শত অত্যাচারেও বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আরও বলেন, নারী এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়। বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে সব নারী নিরাপদ থাকবেন। নারী দিবস সাম্য, ন্যায্যতা ও ন্যায়বিচারের অঙ্গীকারের হোক।






















