ইতালির কাছ থেকে ১০টি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন এবং তুরস্কের কাছ থেকে ছয়টি টি-১২৯ অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। এ জন্য নীতিগত অনুমোদন এবং দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে চুক্তিপত্র চূড়ান্ত করতে বলা হয়েছে। ইতালি ও তুরস্কের প্রতিনিধি বা অনুমোদিত সংস্থার সঙ্গে সরাসরি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিমানবাহিনীর একজন এয়ার ভাইস মার্শালকে সভাপতি করে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিনিধির সমন্বয়ে ১২ সদস্যের কমিটি করতে বলা হয়েছে।
কমিটিতে প্রধান উপদেষ্টার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, সশস্ত্র বাহিনী বিভাগ, বিমান সদরের বিশেষজ্ঞরা থাকবেন। এসব মন্ত্রণালয় বা বিভাগকে চলতি মাসের ২০ তারিখের মধ্যে প্রতিনিধি মনোনয়নের জন্য অনুরোধ করেছে বিমান সদর।
এই আন্ত মন্ত্রণালয় যৌথ কমিটি প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে ইতালি ও তুরস্কের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় বসবে। এই ক্রয়চুক্তি ২০২৫-২৬ অর্থবছরের মধ্যেই করতে চায় বিমানবাহিনী।






















