বিদেশে যাওয়ার জন্য এক লাখ টাকা ঋণ না পাওয়ায় ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করা সেই সারোয়ার হোসেন রাব্বির বিদেশ যাওয়ার স্বপ্ন অবশেষে বাস্তবায়ন হয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেয়ে আগামী ৩০ অক্টোবর তিনি সৌদি আরবের উদ্দেশে দেশ ত্যাগ করবেন। রাব্বি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ‘বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগালর’ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জানা যায়, কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান গ্রামের হতদরিদ্র পরিবারের সন্তান সারোয়ার হোসেন রাব্বি। পরিবারের সচ্ছলতা আনতে সৌদি আরবের ভিসা হাতে পেলেও এক লাখ টাকার জন্য তার যাওয়া আটকে ছিল। এই টাকার জন্য বিভিন্নজনের কাছে গিয়েও সহায়তা না পেয়ে তিনি একটি এনজিওর শরণাপন্ন হন। এনজিওর লোকজন প্রথমে টাকা দিতে রাজি হলেও, স্থানীয় কিছু লোকের বাধার কারণে পরে তাকে ঋণ দিতে অস্বীকৃতি জানায় বলে রাব্বি অভিযোগ করেন।
ভিসা হাতে পেয়েও টাকার অনিশ্চয়তায় যখন তার বিদেশযাত্রা প্রায় ভেস্তে যাচ্ছিল, তখন ক্ষোভে গত শুক্রবার (১৬ অক্টোবর) ৫০০ টাকা দিয়ে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেন রাব্বি। পরে সেই ভিডিও তিনি তার ফেসবুক আইডিতে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।
সারোয়ার হোসেন রাব্বি বলেন, “এর আগেও দুবার টাকার জন্য শেষ মুহূর্তে বিদেশ যেতে পারিনি। এবারও এমনটাই হতে যাচ্ছিল। এক লাখ টাকার জন্য বিভিন্ন জনের কাছে গিয়েছি, কেউ দেয়নি। এনজিও এসেও ফিরিয়ে দিল। তখন আমার মাথা কাজ করছিল না। রাগে মাইক ভাড়া করে গালাগাল করেছি। আমি বিবাহিত, আমার স্ত্রী-সন্তান ও মা আছে। এবার যেতে না পারলে আমার সব শেষ হয়ে যেত।”
কালবেলাকে ধন্যবাদ জানিয়ে রাব্বি বলেন, “আপনারা যদি আমার এই প্রতিবেদন প্রকাশ না করতেন, তাহলে হয়তো আমার বিদেশ যাওয়া আর হতো না। প্রতিবেদন প্রকাশের পর প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখা অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। ২৩ অক্টোবর আমাকে দুই লাখ টাকা ঋণ দিয়েছে। ইতোমধ্যে আমার হাতে টিকিট এসে পৌঁছেছে। আগামী ৩০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশে যাত্রা করব। আমার জন্য দোয়া চাই।”
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক বলেন, “সংবাদ প্রকাশের পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। পরে আমরা স্থানীয়দের সহায়তায় রাব্বির সঙ্গে যোগাযোগ করি। ব্যাংকের যাবতীয় কার্যক্রম শেষে তাকে আর্থিক সহায়তার জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। প্রথম ২ মাস পর থেকে তার ঋণের কিস্তি পরিশোধ শুরু হবে। যদি কেউ বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর্থিক সমস্যায় পড়েন, তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের সহায়তা নিতে পারেন।”






















