অ্যান্ড্রয়েড ফোনে থাকা ফিজিক্যাল বাটনগুলো শুধু ভলিউম বাড়ানো-কমানো কিংবা স্ক্রিন অন-অফ করার জন্য নয়। সাধারণ কিছু সেটিংস এবং অ্যাপের সাহায্যে বাটনগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, যা ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে দ্রুত, সহজ ও নিরাপদ করে তুলতে পারে। নিচে অ্যান্ড্রয়েড ফোনের বাটনগুলোকে কার্যকরভাবে ব্যবহারের ছয়টি উপায় তুলে ধরা হলো—
দ্রুত ক্যামেরা চালু
অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা দিয়ে চমৎকার ছবি ও ভিডিও তোলা গেলেও সব মুহূর্ত ক্যামেরা চালু করার জন্য অপেক্ষা করে না। এমন পরিস্থিতিতে অ্যান্ড্রয়েড ফোনের পাওয়ার বাটন দুবার চাপলেই ক্যামেরা চালু করা যায়। এটি ডিফল্টভাবে পেছনের ক্যামেরা খুলে, তবে সেটিংসে গিয়ে ভিডিও রেকর্ডার, সামনে ক্যামেরা বা পোর্ট্রেট মোডও নির্ধারণ করা যাবে। ক্যামেরা চালু হলে শাটার বাটনে চাপার দরকার নেই, ভলিউম বাটন চাপলেই ছবি তোলা যাবে। এতে করে এক হাত দিয়েই সহজে ও দ্রুত ছবি তোলা সম্ভব।
জরুরি অবস্থায় দ্রুত সাহায্যের প্রয়োজনে
জরুরি পরিস্থিতিতে সময় খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েড ফোনে পাওয়ার বাটন দ্রুত পাঁচবার (স্যামসাং ফোনে তিনবার) চাপলেই ইমার্জেন্সি এসওএস চালু হয়। ফোন স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় জরুরি নম্বরে কল দেয় এবং আগে থেকে নির্ধারিত জরুরি ফোন নম্বরগুলোয় লাইভ লোকেশনসহ মেসেজ পাঠায়। যদি ভুল করে ফোনকল যাওয়ার আশঙ্কা থাকে, তবে সেটিংসে গিয়ে তা পরিবর্তন করা যায়।
ফোনকল সহজে নিয়ন্ত্রণ করা
কখনো হাতে ময়লা থাকলে, পানি থাকলে বা গ্লাভস থাকলে কল ধরা বা কেটে দিতে সমস্যা হয়। এ সময় ভলিউম বাটন দিয়ে রিংটোন মিউট করা যায়। এছাড়া ফোনের সেটিংসে গিয়ে ভলিউম আপ বাটন চাপলে কল ধরা আর সাইড বাটন দিয়ে কল কাটার ব্যবস্থা চালু করা যায়। এতে ফোনের স্ক্রিনে হাত না দিয়েই কল নিয়ন্ত্রণ করা যায়।
অ্যাকসেসিবিলিটি ফিচারগুলো সহজে ব্যবহার
অ্যান্ড্রয়েড ফোনে ম্যাগনিফিকেশন (ক্যামেরা দিয়ে বড় করে দেখা), এক্সট্রা ডিম (স্ক্রিন আরো কম উজ্জ্বল করা), লাইভ ক্যাপশনের (ভিডিওর সাবটাইটেল) মতো গুরুত্বপূর্ণ অ্যাকসেসিবিলিটি ফিচার থাকে। এগুলো বারবার সেটিংসে না খুঁজে সহজে ফোনের বাটন দিয়ে দ্রুত চালু করা যায়।
মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ
ফোন আনলক না করেও ভলিউম বাটনে লম্বা চাপ দিয়ে মিউজিক বা পডকাস্টের গান পরিবর্তন করা যায়। স্যামসাং ফোনে সাউন্ড অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ব্যবহার করে এটা করা যায়। অন্য অ্যান্ড্রয়েড ফোনের জন্য ভলিউম অ্যাপ ভালো বিকল্প। এ অ্যাপগুলো দিয়ে ভলিউম বাটন লম্বা চাপ দিলে গান পরিবর্তন হয়, সঙ্গে ভাইব্রেশন বা অন্যান্য সেটিংসও কাস্টমাইজ করা যায়।
নিজের মতো করে বাটন কাস্টমাইজ
যদি ফোনের ডিফল্ট শর্টকাটস কাজে না লাগে বা আরো বেশি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে বাটন ম্যাপার নামের একটি অ্যাপ ব্যবহার করে ফোনের প্রায় সব বাটনে নিজের পছন্দমতো কাজ সেট করা যায়। এতে বাটনে একবার চাপা, দুইবার চাপা বা দীর্ঘক্ষণ ধরে রাখার জন্য আলাদা কাজ সেট করা যায়। যেমন প্রিয় অ্যাপ চালু করা, নির্দিষ্ট কাউকে কল করা, ডু নট ডিস্টার্ব মোড চালু করা কিংবা হোয়াটসঅ্যাপ চ্যাট খোলা ইত্যাদি। ব্যবহারের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ফিচারগুলো নির্বাচন করে ব্যবহার এবং স্মার্টফোন ব্যবহারে নতুন মাত্রা যোগ করা যায়।





















