গত কয়েক বছরে আইফোনে তেমন কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের স্মার্টফোন এরই মধ্যে একটি পরিপূর্ণ ফোন হিসেবে তৈরি। তবে ব্যবহারকারীরা কিছু গুরুত্বপূর্ণ সেটিংস বন্ধ করলে আইফোনের ব্যাটারি ও প্রাইভেসি, ব্যবহারের অভিজ্ঞতা এবং ফোনের সামগ্রিক কার্যক্ষমতা আরো উন্নত করতে পারবেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব বিশেষ করে পাঁচটি সেটিংসের নাম উল্লেখ করেছে, যা নতুন বা পুরনো যেকোনো আইফোন ব্যবহারকারীরই বন্ধ করা উচিত বলে বিশেষজ্ঞরা মনে করেন।
অ্যাপল ইন্টেলিজেন্স ব্যবহার না করলে বন্ধ করাই ভালো
প্রথম চালু হওয়ার পর বেশ আশা জাগিয়েছিল অ্যাপল ইন্টেলিজেন্স। ভয়েস কমান্ডে ফোন নিয়ন্ত্রণ, ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করার মতো ফিচারের প্রতিশ্রুতি ছিল। কিন্তু বাস্তবে এটি প্রত্যাশা অনুযায়ী কাজ করেনি বলে অভিযোগ রয়েছে। এদিকে অ্যাপল ইন্টেলিজেন্স ফোনে ডিফল্টভাবে ইনস্টল থাকে এবং প্রায় ৭ জিবি পর্যন্ত জায়গা নেয়। কেউ যদি অপ্রয়োজনীয় মনে করেন বা ব্যবহার না করেন, তবে স্টোরেজ ও ব্যাটারি বাঁচাতে ফিচারটি বন্ধ করাই ভালো। এক্ষেত্রে সেটিংসে গিয়ে অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি টগল বন্ধ করে দেয়া যায়।
ডাটা সংগ্রহ বন্ধ করে ব্যক্তিগত তথ্য সুরক্ষা
অনেক ব্যবহারকারী গুগলের ‘প্রাইভেসি সমস্যার’ কারণে আইফোন বেছে নেন, তবে অ্যাপলও সম্পূর্ণ নির্ভরযোগ্য নয়। বিভিন্ন প্রতিবেদন বলছে, অতীতে তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের জন্য অ্যাপলকে কোটি কোটি ডলার জরিমানা দিতে হয়েছে। এছাড়া সিরি-সংক্রান্ত মামলায় কোম্পানিকে প্রায় ১০ হাজার কোটি ডলার মীমাংসা করতে হয়েছে। কিছু বিশেষজ্ঞের মতে, অ্যাপল অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেক বেশি তথ্য সংগ্রহ করে এবং অতীতে ‘অ্যানোনিমাস’ ডাটা থেকেও ব্যবহারকারীদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাই নিজের গোপনীয়তা রক্ষায় ফোনের সব ডাটা সংগ্রহের অনুমতি বন্ধ করা শ্রেয়। এজন্য সেটিংস > প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি > অ্যানালিটিকস ও ইমপ্রুভমেন্টে গিয়ে সব টগল বন্ধ করতে হবে। এরপর অ্যাপল অ্যাডভার্টাইজিংয়ে গিয়ে ‘পার্সোনালাইজড অ্যাড’ বন্ধ করুন।
ফাস্ট শুটিং ফিচার বন্ধ করলে বাড়ে ছবির মান
আইফোনের ক্যামেরা ব্যবহারকারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিশেষ করে ছবির মান ও হাই কোয়ালিটি ভিডিওর জন্য। তবে আইফোনে ‘প্রায়োরিটাইজ ফাস্টার শুটিং’ নামে একটি সেটিংস রয়েছে, যা দ্রুত ছবি তোলার সুবিধা দেয়। কিন্তু এটি ছবির তীক্ষ্ণতা বা কোয়ালিটি কমিয়ে দিতে পারে। ফিচারটি চালু থাকলে কোনো একটি মুহূর্ত ক্যামেরায় দ্রুত ধারণ করা যায়, তবে ওয়ালপেপার বা বড় আকারের ছবিতে কম তীক্ষ্ণতার কারণে ছবির গুণমান কম মনে হতে পারে। ফিচারটি বন্ধ করতে সেটিংস>ক্যামেরা>প্রায়োরিটাইজ ফাস্টার শুটিংয়ে গিয়ে টগল বন্ধ করলেই হবে।
ব্যাটারি বাঁচাতে কিবোর্ড ও লক সাউন্ড বন্ধ করুন
আইফোনে কিবোর্ড ও লক সাউন্ড ডিফল্টভাবে চালু থাকে। কিবোর্ডের অতিরিক্ত শব্দ অনেকের জন্য বিরক্তিকর মনে হতে পারে। বিশেষ করে ঘরের বাইরে কিংবা অফিসে। চার্জ কমানোর পাশাপাশি কিবোর্ডের ক্লিকিং শব্দ চারপাশের মানুষকেও বিরক্ত করতে পারে। তবে ব্যবহারকারীরা সহজেই এসব অপ্রয়োজনীয় শব্দ বন্ধ করতে পারেন। এক্ষেত্রে সেটিংস > সাউন্ডস অ্যান্ড হ্যাপটিকস > কিবোর্ড ফিডব্যাকে সাউন্ড বন্ধ করা যাবে। এছাড়া ‘হ্যাপটিকস অ্যান্ড লক সাউন্ড’ও বন্ধ করলে ব্যাটারি সাশ্রয় হয়।
অলওয়েজ-অন ডিসপ্লে বন্ধ করা
আইফোন প্রো সিরিজে ২০২২ সালে অলওয়েজ-অন ডিসপ্লে চালু হয়। ফিচারটির মাধ্যমে ফোন ওপেন না করেই নোটিফিকেশন ও উইজেট দেখা যায়। কিন্তু ফিচারটি ফোনের চার্জ কমিয়ে দেয় দ্রুত। এক্ষেত্রে ব্যাটারি সাশ্রয়ের জন্য দুটি উপায় আছে। সেটিংস>ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস> অলওয়েজ-অন ডিসপ্লেতে গিয়ে শো ওয়ালপেপার বন্ধ করলে কেবল ঘড়ি, উইজেট ও নোটিফিকেশন দেখা যাবে, বাকি ওএলইডি স্ক্রিন কালো থাকবে এবং ব্যাটারি সাশ্রয় হবে। যদি কেউ পুরো ফিচারই বন্ধ করতে যায়, তবে নিচের টগল বন্ধ করে দেয়া যায়।






















