বর্তমানে উইন্ডোজ পিসিগুলো আগের উইন্ডোজ ৭ যুগের তুলনায় অনেক বেশি স্থিতিশীল। পিসিতে ব্লু স্ক্রিন অব ডেথ (বিএসওডি) এখন খুবই কম দেখা যায়। তবু সফটওয়্যার আপডেট না থাকা, ড্রাইভার সমস্যা বা হার্ডওয়্যার ত্রুটির কারণে এখনো ক্র্যাশ হওয়ার ঘটনা ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতিতে কিছু দ্রুত সমাধান জানা থাকলে ব্যবহারকারীরা পেশাদার সাহায্য ছাড়াই নিজেদের পিসি পুনরুদ্ধার করতে পারেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেক ইউজ অব (এমইউও) অবলম্বনে দেখে নেয়া যাক একটি উইন্ডোজ ক্র্যাশের পর কীভাবে পাঁচটি গুরুত্বপূর্ণ ধাপে তা পুনরুদ্ধার করা যায়—
ইভেন্ট ভিউয়ার ও মিনিডাম্প ফাইল চেক করা
উইন্ডোজ ক্র্যাশ হলে সে ঘটনার তথ্য লিপিবদ্ধ করে। ইভেন্ট ভিউয়ার ক্র্যাশের আগের ত্রুটি ও সতর্কবার্তা দেখায়। অন্যদিকে মিনিডাম্প ফাইল ড্রাইভার বা সিস্টেম ফাইলের সমস্যার বিস্তারিত তথ্য রাখে। ইভেন্ট ভিউয়ার খুঁজে পেতে স্টার্ট মেনুতে ‘Event Viewer’ টাইপ করতে হবে এবং তারপর Windows Logs>System-এ যেতে হবে। এখানে লাল চিহ্নিত গুরুত্বপূর্ণ ত্রুটি দেখানো হবে। মিনিডাম্প ফাইলগুলো থাকে C:\Windows\Minidump-এ। Blue ScreenView-এর মতো সফটওয়্যার ব্যবহার করে ফাইলগুলোকে সহজে বোঝার মতো আকারে দেখা যায়। এর মাধ্যমে ক্র্যাশের মূল কারণ চিহ্নিত করা যায়, যেমন ভাঙা ড্রাইভার বা সিস্টেম ফাইল।
বিল্ট-ইন কমান্ড-লাইন টুল ব্যবহার করা
উইন্ডোজে কিছু কমান্ড-লাইন টুল রয়েছে, যা সিস্টেম ফাইল ও ডিস্ক সমস্যা ঠিক করতে সাহায্য করে। প্রথমে DISM ব্যবহার করে উইন্ডোজ কম্পোনেন্ট ঠিক করতে হবে, যা পরে SFC ব্যবহার করে সিস্টেম ফাইল মেরামত করতে সাহায্য করে। যদি সমস্যা থাকে, তবে ডিস্ক চেক করার জন্য Check Disk ব্যবহার করতে হবে। এ টুলগুলো কেবল ক্র্যাশ সমাধানই নয়, উইন্ডোজ ধীরগতিতে কাজ করলে বা কোনো ফিচার ঠিকমতো না চললে সেটাও ঠিক করতে সাহায্য করে।
সেফ মোডে বুট করা
যদি উইন্ডোজ ক্র্যাশ বারবার বা ঠিকমতো শুরু না হয়, সেফ মোড সাহায্য করে। এতে কেবল প্রয়োজনীয় ড্রাইভার ও সার্ভিস চালু থাকে। সেফ মোডে যাওয়ার জন্য পিসি চালু হলে পাওয়ার বাটন চেপে বন্ধ করতে হবে দু-তিনবার। তারপর Troubleshoot>Advanced options>Startup Settings>Restart এ যেতে হবে এবং সেফ মোড নির্বাচন করতে হবে। সেফ মোডে সমস্যা সৃষ্টি করা প্রোগ্রাম আনইনস্টল করা, সাম্প্রতিক উইন্ডোজ আপডেট সরানো বা ড্রাইভার রোলব্যাক করা সহজ হয়।
BIOS এবং গুরুত্বপূর্ণ ড্রাইভার আপডেট করা
পুরনো Basic Input/Output System (BIOS) বা চিপসেট ড্রাইভার ক্র্যাশের বড় কারণ হতে পারে। msinfo32 টাইপ করে BIOS ভার্সন চেক এবং মাদারবোর্ড নির্মাতার ওয়েবসাইটের সঙ্গে তুলনা করতে হবে। প্রয়োজন হলে অফিশিয়াল নির্দেশনা অনুসরণ করে আপডেট করতে হবে। চিপসেট, স্টোরেজ ও ফিক্স ড্রাইভারও আপডেট করা জরুরি। অপ্রয়োজনীয় USB ডিভাইস আলাদা করে ক্র্যাশের কারণ চিহ্নিত করা যায়।
মেমোরি ও স্টোরেজ পরীক্ষা করা
কিছু ক্র্যাশ সফটউউওয়্যার সমস্যা নয়, হার্ডওয়্যার সমস্যা থেকেই হতে পারে। MemTest86 দিয়ে র্যাম পরীক্ষা করতে হবে। ডিস্কের সমস্যা চিহ্নিত করতে CrystalDiskInfo বা কমান্ড প্রম্পটের wmic diskdrive get model, status ব্যবহার করতে হবে। ত্রুটিপূর্ণ র্যাম বা ডিস্ক থাকলে তা প্রতিস্থাপন করতে হবে এবং নিয়মিত ব্যাকআপ রাখা উচিত।
মাইক্রোসফট Quick Machine Recovery-এর মতো স্বয়ংক্রিয় টুলও সরবরাহ করছে, যা ক্র্যাশের পর ঠিকঠাক ফিক্স ডাউনলোড করে এবং মেমোরি পরীক্ষা চালায়। তবু লগ চেক করা, কমান্ড চালানো, ড্রাইভার আপডেট করা ও হার্ডওয়্যার পরীক্ষা করার মতো ক্ল্যাসিক ধাপগুলো এখনো কার্যকর এবং এগুলো ব্যবহারকারীর পিসি দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে।






















