কোম্পানির তৈরি চিপ কোন দেশে ব্যবহার হচ্ছে তা শনাক্ত করতে নতুন প্রযুক্তি তৈরি করেছে এনভিডিয়া। লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে কোম্পানির এআই চিপগুলো বিক্রি বা রফতানি নিষিদ্ধ দেশে যাচ্ছে কিনা তা নজরে রাখা হবে বলে জানিয়েছে সান্তা ক্লারাভিত্তিক চিপ জায়ান্টটি।
কিছু দেশ রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের বিশেষ এআই চিপের রফতানি বা ব্যবহার আইনগতভাবে নিয়ন্ত্রিত বা সম্পূর্ণ নিষিদ্ধ।
যেমন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে এক সাক্ষাৎকারে বলেন, ‘এনভিডিয়ার সর্বাধুনিক চিপগুলো শুধু মার্কিন কোম্পানিগুলোর জন্য সংরক্ষিত থাকবে। চীনসহ অন্যান্য দেশের কাছে এগুলো বিক্রি করা হবে না।’
এনভিডিয়ার লোকেশন ভ্যারিফিকেশনের প্রযুক্তি চিপের অবস্থান শনাক্ত করে পাচার বা অবৈধ রফতানি রোধ করতে সাহায্য করবে বলে দাবি কোম্পানিসংশ্লিষ্টদের।
প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়া এমন একটি নতুন ফিচার তৈরি করেছে, যা এখনো সবার জন্য প্রকাশিত হয়নি। এটি একটি সফটওয়্যার হিসেবে ইনস্টল করা যাবে এবং এনভিডিয়ার গ্রাফিকস কার্ডের বিশেষ সক্ষমতা ব্যবহার করে দেখবে চিপগুলো কোন দেশে বা কোথায় ব্যবহার হচ্ছে।
এনভিডিয়ার এক কর্মকর্তা বলছেন, সফটওয়্যারটি চিপের কার্যক্ষমতা বা পারফরম্যান্স পরীক্ষা করতে সাহায্য করবে। পাশাপাশি চিপটি কোথায় আছে তা আন্দাজ করতে পারবে। তবে সফটওয়্যারের মাধ্যমে কোম্পানিটি দূর থেকে জিপিইউগুলো নিয়ন্ত্রণ বা পরিবর্তন করতে পারবে না। চিপ থেকে পাওয়া তথ্য কেবল পড়ার জন্য, কোনো কমান্ড পাঠানো বা ডাটা পরিবর্তন করা যাবে না।
এনভিডিয়া আরো জানিয়েছে, সফটওয়্যারটি ওপেন সোর্স হবে। ফলে বাইরের নিরাপত্তা বিশেষজ্ঞরাও এটি পরীক্ষা এবং কাজের পদ্ধতি যাচাই করতে পারবেন।





















