বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের কয়েক ঘণ্টার ব্যবধানেই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে বিতর্কিত সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক শেষে সংগঠনের যমুনা ফিউচার পার্ক শাখা দোকান খোলার ঘোষণা দিলেও এর তীব্র বিরোধিতা করেছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার শাখা। এই অভ্যন্তরীণ কোন্দলের ফলে এনইআইআর (NEIR) বিরোধী তথাকথিত আন্দোলন এখন খণ্ডবিখণ্ড হওয়ার মুখে।
সূত্র জানায়, রোববার সন্ধ্যায় ব্যবসায়ী নেতাদের একটি প্রতিনিধি দল তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা তুলে ধরলে তারেক রহমান ভবিষ্যতে এনইআইআর ব্যবস্থা পর্যালোচনার আশ্বাস দেন এবং জনদুর্ভোগ এড়াতে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রমে ফেরার পরামর্শ দেন।
বৈঠক থেকে বের হয়েই যমুনা ফিউচার পার্কের ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, তারা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ বিবেচনায় সোমবার থেকে দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছেন। তারা মনে করছেন, রাজনৈতিক আশ্বাস পাওয়ার পর এখন আন্দোলন চালিয়ে যাওয়া মানে সাধারণ ব্যবসায়ীদের আরও লোকসানের মুখে ঠেলে দেওয়া।
রিয়াজউদ্দিন বাজারের এক প্রভাবশালী নেতা জানান, “আমরা এই আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ যদি দোকান খোলে, তবে তার দায়ভার তাদেরই নিতে হবে।” তারা আরও জানায়, খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে তাদের পরবর্তী কঠোর কর্মসূচি ও অবস্থান পরিষ্কার করা হবে।






















