বাংলাদেশে জনপ্রিয় গ্যাজেট ব্র্যান্ড ‘অ্যাঙ্কার’ (Anker)-এর কান্ট্রি পার্টনারশিপ নিয়ে সুমাশ টেক (Sumash Tech)-এর মালিক আবু সাঈদ পিয়াসের দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে মূল প্রতিষ্ঠান অ্যাঙ্কার ইনোভেশনস। প্রতিষ্ঠানটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে তাদের একমাত্র ও একক অনুমোদিত পরিবেশক হলো ‘কন্ট্রাইভেন্স ডিস্ট্রিবিউশনস’।
দীর্ঘদিন ধরে সুমাশ টেকের স্বত্বাধিকারী আবু সাঈদ পিয়াস নিজেকে বাংলাদেশে অ্যাঙ্কারের কান্ট্রি পার্টনার হিসেবে প্রচার করে আসছিলেন। এ বিষয়ে টেকজুমের পক্ষ থেকে তার কাছে জানতে চাওয়া হলে তিনি জোরালোভাবে দাবি করেন যে, “অ্যাঙ্কার বাংলাদেশ কান্ট্রি পার্টনার হিসেবে তিনি ছিলেন এবং এখনো আছেন।”
তবে পিয়াসের এই দাবিকে নাকচ করে দিয়ে অ্যাঙ্কার ইনোভেশনসের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ সালমান টেকজুম কে জানায়, সুমাশ টেক (Sumash Tech) বা ডেক্সিম্পো ইন্টারন্যাশনাল লিমিটেড—এই প্রতিষ্ঠান দুটির কারোর সঙ্গেই বর্তমানে অ্যাঙ্কারের কোনো ব্যবসায়িক সম্পর্ক বা পরিবেশক চুক্তি নেই।
অ্যাঙ্কার ইনোভেশনস তাদের বিবৃতিতে আরও জানায়, সম্প্রতি বাংলাদেশের বাজারে বিপুল পরিমাণ নকল ও রিফার্বিশড (পুরানোকে নতুন করা) পণ্য ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এর ফলে সাধারণ গ্রাহকরা প্রতারিত হচ্ছেন এবং ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। গ্রাহকদের স্বার্থ রক্ষায় কোম্পানিটি স্পষ্ট করেছে যে, কন্ট্রিভ্যান্স ডিস্ট্রিবিউশনস (Contrivance Distributions) ছাড়া অন্য কোনো উৎস থেকে পণ্য কিনে কেউ প্রতারিত হলে তার দায়ভার অ্যাঙ্কার ইনোভেশনস বহন করবে না।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, সুমাশ টেক বা এই ধরণের প্রতিষ্ঠানগুলো প্রায়ই বড় ব্র্যান্ডের নাম ব্যবহার করে গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। বাজারে বর্তমানে ওয়ারেন্টিহীন ও নিম্নমানের চার্জার, পাওয়ার ব্যাংক ও অডিও ডিভাইসের সমাহার বেড়ে যাওয়ায় গ্রাহকদের আরও সতর্ক হতে হবে।
কোনো পণ্য কেনার আগে তাতে অনুমোদিত পরিবেশক কন্ট্রিভ্যান্স-এর স্টিকার এবং বৈধ ওয়ারেন্টি কার্ড আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।






















