অ্যাপল শিগগিরই গাড়িতে ব্যবহারযোগ্য কারপ্লে সফটওয়্যারে ভয়েসভিত্তিক এআই চ্যাটবট চালু করতে যাচ্ছে। এর ফলে গাড়ি চালানোর সময় আইফোন ব্যবহারকারীরা সরাসরি কণ্ঠের মাধ্যমে চ্যাটবটকে প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। সম্প্রতি প্রকাশিত কারপ্লে ডেভেলপার গাইডে এই নতুন ফিচারের তথ্য যোগ করা হয়েছে।
প্রযুক্তি ওয়েবসাইট ম্যাকরিউমারস জানিয়েছে, আসন্ন iOS 26.4 আপডেটে কারপ্লেতে তৃতীয় পক্ষের এআই চ্যাটবট যেমন চ্যাটজিপিটি বা জেমিনি ব্যবহার করার সুযোগ থাকবে। তবে এটি ব্যবহারের জন্য সংশ্লিষ্ট চ্যাটবট অ্যাপগুলোকে আলাদাভাবে কারপ্লে সমর্থন যুক্ত করে আপডেট করতে হবে।
অ্যাপলের নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীরা কারপ্লের ইন্টারফেস থেকে চ্যাটবট চালু করে কথোপকথন শুরু করবেন। ‘ওয়েক ওয়ার্ড’-এর মাধ্যমে সরাসরি চ্যাটবট চালানো যাবে না। এছাড়া চ্যাটবটের মাধ্যমে গাড়ি বা আইফোনের সেটিংস পরিবর্তন বা ফিচার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না; শুধুমাত্র তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর পাওয়া যাবে।
iOS 26.4 সংস্করণে আরও কিছু নতুন ফিচার যুক্ত হচ্ছে, যেমন এআই-সহায়তায় অ্যাপল মিউজিকে স্বয়ংক্রিয় প্লেলিস্ট তৈরি, পডকাস্টে ভিডিও প্লেব্যাক, এবং RCS বার্তায় এন্ড-টু-এন্ড এনক্রিপশন।






















