ইন্টারনেট সেবা সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথা বলেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম।
তিনি বলেছেন, “বর্তমান যুগে আইসিটি সব চেয়ে বড় গুরুত্বপূর্ণ সেক্টর। এ সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর অনেক পরিকল্পনা রয়েছে। আমরা অনেক জব ক্রিয়েট করতে চাই এবং ইন্টারনেট সকলের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই।”
শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং হাইস্পিড গাড়িতে ফ্রি ওয়াফাই ব্যবস্থার পাশাপাশি তিনটি বড় বড় টেকপার্কে বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলে জানান মাহবুব আনাম।
“আমরা বিদেশ থেকে বিনিয়োগ আনার চেষ্টা করছি। ধাপে ধাপে এগিয়ে যাব। জনবান্ধব সরকার হতে চাই”, বলেন তিনি।
নিজ জেলায় ইন্টারনেট সেবা বাড়ানোর কথা তুলে ধরে মন্ত্রী বলেন, “টাঙ্গাইলেও আমরা কিছু চাই। জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক করার কথা চিন্তা করতে পারি।”
পরে মতবিনিময় সভায় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















