জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরামে (ইউএনপিএসএফ) আন্তঃআঞ্চলিক প্রকল্পের অন্তর্ভুক্ত ১২টি দেশের পক্ষে স্বাগত বক্তব্য দিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
জর্জিয়ার তিবিলিসিতে গতকাল আয়োজিত এক বিশেষ অধিবেশনে দেয়া বক্তব্যে মন্ত্রী ককেশাস, মধ্য এশিয়া এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময়, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম তার বক্তব্যে বলেন, ‘বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের যাত্রায় ব্যর্থতার হার প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ। এ বিশাল ঝুঁকি কাটিয়ে উঠতে পারস্পরিক অভিজ্ঞতা ভাগাভাগি করার কোনো বিকল্প নেই। এ ধরনের পিয়ার টু পিয়ার এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা কেবল উন্নয়নের অনুষঙ্গ নয়, বরং উন্নয়নেরই একটি অন্যতম মূল অংশ। এক দেশের সফল সমাধান অন্য দেশের উদ্ভাবন ও অগ্রগতির অনুপ্রেরণা হতে পারে।’
বাংলাদেশের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইসিটি বিভাগের নেতৃত্বে বাংলাদেশে একটি নাগরিক-কেন্দ্রিক ডিজিটাল রূপান্তর প্রক্রিয়া এগিয়ে চলছে। সবশেষে মন্ত্রী আয়োজনে অংশ নেয়া ১২টি দেশের পক্ষ থেকে পারস্পরিক শিখন ও যৌথ অগ্রগতির প্রতি পুনর্ব্যক্ত করে একটি ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ী ফোরাম কামনা করেন।

















