দেশব্যাপী প্রযুক্তিনির্ভর ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণে নির্ভুল ও গ্রহণযোগ্য ডিজিটাল ডেটাবেইজ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।
২০ জুলাই, সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের সম্প্রসারণ পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল বিষয়ক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি গণমাধ্যমকে জানান।
বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে সারাদেশে কর্মসূচি বিস্তারে বাস্তবসম্মত পরিকল্পনা, আধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর তথ্যসমন্বয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রকৃত উপকারভোগী শনাক্তে একটি নির্ভুল, হালনাগাদ ও গ্রহণযোগ্য ডেটাবেইজ তৈরির ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও নির্দেশনা দেন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যের নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে হবে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি সুবিধা না পান এবং প্রকৃত উপকারভোগীরা সঠিক সময়ে সেবা পান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ. বি. এম. আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



















