ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রযুক্তিকে শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না রেখে গবেষণা ও উদ্ভাবনে মনোযোগী হতে হবে। রোবটিক্সসহ প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার্থীদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার এবং এই প্রযুক্তিকে মানবকল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
৮ আগস্ট (শনিবার) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি) আয়োজিত জাতীয় রোবটিক্স ফেস্ট ‘রোবো ফিউশন ১.০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ফকির মাহবুব আনাম হাই-টেক পার্কের বিনিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি জানান, দেশি-বিদেশি অনেক প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী। এমতাবস্থায়, হাই-টেক পার্কে জমি বরাদ্দ নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ না করা নিষ্ক্রিয় কোম্পানিগুলোর বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এসব জমি পুনরায় পর্যালোচনা করে প্রকৃত আগ্রহী নতুন বিনিয়োগকারীদের বরাদ্দ দিয়ে সুযোগ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, বর্তমান সময়ে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষার্থীদের এখন থেকেই শিল্প, স্বাস্থ্য, কৃষি ও শিক্ষা খাতের বাস্তব সমস্যার সমাধানে নিজেদের প্রস্তুত করতে হবে। মানবিক কল্যাণে এআই ব্যবহার করে ফ্রেশ গ্রাজুয়েটদের কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে সরকার সচেষ্ট রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া, ইএটিএল ইনোভেশন হাবের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী।
অনুষ্ঠানে বক্তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস চালুর বিষয়ে জোর দেন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে জানান, মোবাইল ও গেমের শক্তিকে ইতিবাচক ধারায় রূপান্তর করতে হবে এবং ক্যাম্পাসের বাইরে থেকে আসা বিদ্যুৎ লাইন ও স্থায়ী ক্যাম্পাসের জমি অধিগ্রহণের সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে। বিকেল সাড়ে ৩টায় তরুণদের প্রযুক্তিগত দিকনির্দেশনা দিতে রোবোটিক্স ও এআই-এর ভবিষ্যৎ নিয়ে একটি বিশেষ টেকনিক্যাল প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়।




















