স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর অনেক সময় দেখা যায় ছবিতে প্রয়োজনীয় শার্পনেস নেই। কখনো পুরো ছবিই ঝাপসা, আবার কখনো ছবির নির্দিষ্ট অংশ ঠিকমতো ফোকাস হয়নি। এমন সমস্যা দেখলেই অনেকে ধরে নেন, ফোনের ক্যামেরায় নিশ্চয়ই সমস্যা হয়েছে। কিন্তু সব ক্ষেত্রে হার্ডওয়্যার নষ্ট হওয়ার কারণে এমনটা হয় না। ক্যামেরার লেন্স, কিছু সেটিংস এবং ছবি তোলার পদ্ধতিও এর জন্য দায়ী হতে পারে।
প্রথমেই ক্যামেরার লেন্স পরিষ্কার করুন
ক্যামেরার সেটিংস পরিবর্তনের আগে সবচেয়ে সহজ বিষয়টি পরীক্ষা করে নিন। ফোনের পেছনের ক্যামেরার লেন্সে ধুলা, আঙুলের ছাপ বা তেলের আস্তরণ জমেছে কি না দেখুন। পকেটে ফোন রাখার কারণে অল্প সময়ের মধ্যেই লেন্সে ময়লা জমতে পারে। এতে আলো ঠিকভাবে সেন্সরে পৌঁছাতে বাধা পায় এবং ছবিতে ঝাপসাভাব দেখা দিতে পারে। নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে লেন্স পরিষ্কার করুন। একই সঙ্গে ক্যামেরা প্রোটেক্টর লাগানো থাকলে সেটিও পরীক্ষা করুন। সেটিতে আঁচড়, ফাটল বা নিম্নমানের কাচ থাকলে ছবি ও ফোকাসের মান খারাপ হতে পারে।
ক্যামেরার রেজোলিউশন ও এইচডিআর দেখে নিন
ক্যামেরা অ্যাপের সেটিংসে গিয়ে ছবি তোলার কোয়ালিটি বা রেজোলিউশন কমিয়ে রাখা হয়েছে কি না দেখে নিন। ফোনভেদে এই অপশনের নাম আলাদা হতে পারে। একই সঙ্গে এইচডিআর-এর মতো ফিচার থাকলে সেটি অটো-তে রাখলে বিভিন্ন আলোর পরিস্থিতিতে ফোন নিজে থেকেই উপযুক্ত প্রসেসিং বেছে নিতে পারে। তবে শুধু সর্বোচ্চ রেজোলিউশন বেছে নিলেই প্রতিটি পরিস্থিতিতে ছবি আরও পরিষ্কার হবে এমন নয়। আলো, ফোকাস এবং ক্যামেরার প্রসেসিংও ছবির মানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভুল করে মাইক্রো বা ম্যানুয়্যাল ফোকাস চালু আছে কি না দেখুন
অনেক স্মার্টফোনে মাইক্রো মোড বা ম্যানুয়্যাল ফোকাস-এর মতো অতিরিক্ত ক্যামেরা অপশন থাকে। কাছের কোনো বস্তুর ছবি তোলার সময় মাইক্রো মোড কাজে লাগলেও সাধারণ দৃশ্যের ক্ষেত্রে সেটি চালু থাকলে কাঙ্ক্ষিত ফোকাস নাও পাওয়া যেতে পারে। তাই সাধারণ ছবি তোলার সময় ক্যামেরাকে অটো বা ডিফিকাল্ট মোডে রাখাই সুবিধাজনক। কোনো সেটিংস পরিবর্তনের পর সমস্যা শুরু হলে ক্যামেরার সেটিংস রিসেট করেও দেখতে পারেন।
যে জায়গায় ফোকাস চান, সেখানে ট্যাপ করুন
ছবি তোলার সময় শুধু শাটার বাটনে চাপ দিলেই হবে না। ছবির মূল বিষয় বা সাবজেক্টের ওপর স্ক্রিনে একবার ট্যাপ করুন। এতে ক্যামেরা বুঝতে পারে কোন জায়গাটিকে গুরুত্ব দিয়ে ফোকাস করতে হবে। কিছু ফোনে ফোকাস লকের সুবিধাও থাকে। স্থির কোনো সাবজেক্টের ছবি তোলার সময় এটি ব্যবহার করলে বারবার ফোকাস পরিবর্তনের প্রবণতা কমে যেতে পারে।
গ্রিড লাইনস চালু রাখুন
গ্রিড লাইনস ছবি সরাসরি পরিষ্কার করে না, তবে ফ্রেম ঠিক রাখতে সাহায্য করে। বিশেষ করে ছবি তোলার সময় ফোন বাঁকা হয়ে যাওয়া বা সাবজেক্টকে সঠিকভাবে ফ্রেমে রাখার সমস্যা কমাতে এটি বেশ কার্যকর।
হাত কাঁপলে ছবিও ঝাপসা হতে পারে
ক্যামেরা যত ভালোই হোক, ছবি তোলার সময় ফোন বেশি নড়ে গেলে ব্লার তৈরি হতে পারে। বিশেষ করে কম আলোতে এই সমস্যা আরও বেশি দেখা যায়। তাই ছবি তোলার সময় ফোন যতটা সম্ভব স্থির রাখুন।
রাতে নাইট মোড ব্যবহার করুন
কম আলোতে সাধারণ ক্যামেরা মোডে ছবি তুললে শাটার স্পিড কমে যেতে পারে। তখন সামান্য হাত কাঁপলেও ছবি ঝাপসা হওয়ার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে ফোনে নাইট মোড থাকলে সেটি ব্যবহার করা যেতে পারে। ছবি তোলার সময় ফোনটি স্থির রাখাও জরুরি।
তাই দামি ফোনের ক্যামেরায় হঠাৎ ঝাপসা ছবি উঠলেই ক্যামেরা নষ্ট হয়েছে ধরে নেওয়ার প্রয়োজন নেই। প্রথমে লেন্স পরিষ্কার করুন, ক্যামেরার সেটিংস পরীক্ষা করুন, সঠিক জায়গায় ফোকাস করুন এবং আলো অনুযায়ী উপযুক্ত মোড ব্যবহার করুন। এতেই অনেক ক্ষেত্রে ছবির মানে দৃশ্যমান পরিবর্তন পাওয়া সম্ভব।



















