কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রসারে বিশ্বজুড়ে বাড়ছে উন্নত সেমিকন্ডাক্টর চিপের চাহিদা। এর সুফল পাচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। গত মাসে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটির আয় বেড়েছে ৬০ শতাংশ। চলতি বছরের অক্টোবরে প্রতিষ্ঠানটির আয় হয়েছে ৫৮ হাজার ৬৮৯ কোটি তাইওয়ান ডলার। খবর সিএনবিসি।
টিএসএমসির প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাসে প্রতিষ্ঠানটির আয় । মার্কিন ডলারের হিসাবে এর পরিমাণ ১ হাজার ৭৮৮ কোটি ডলার। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ৫৯ দশমিক ৭ শতাংশ বেশি। আর সেপ্টেম্বরের তুলনায় বেড়েছে ১৪ দশমিক ৭ শতাংশ।
বিশ্বের বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই অবকাঠামো ও প্রযুক্তি উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করছে। ফলে উন্নত চিপের চাহিদা বাড়ছে। বিশেষ করে এআই মডেল পরিচালনা ও ডেটা সেন্টারের জন্য প্রয়োজনীয় উচ্চ ক্ষমতার সেমিকন্ডাক্টর উৎপাদনে টিএসএমসির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ চাহিদা বাড়ার ফলে প্রতিষ্ঠানটির আয়েও ইতিবাচক প্রভাব পড়ছে।
এর আগে গত মাসে প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও শক্তিশালী প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে টিএসএমসি। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা দাঁড়ায় ৭৬ হাজার ৩১০ কোটি তাইওয়ান ডলারে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে কোনো প্রান্তিকের সর্বোচ্চ মুনাফা।
এদিকে গতকাল তাইওয়ানের পুঁজিবাজারে টিএসএমসির শেয়ারদর বেড়েছে ২ দশমিক ২৪ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে এআই অবকাঠামো নির্মাণে বিনিয়োগ অব্যাহত থাকলে উন্নত সেমিকন্ডাক্টর চিপের বাজারে প্রবৃদ্ধির ধারা বজায় থাকতে পারে। সেই চাহিদা পূরণে উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে টিএসএমসি।



















