দক্ষিণ এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে আইপিভি৬ (IPv6) গ্রহণের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে তা মাত্র ১৮ শতাংশ। এ বাস্তবতায় আইপিভি৬ বাস্তবায়নে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) মহাপরিচালক জিয়া রং লো।
শনিবার কক্সবাজারের লং বিচ হোটেলে বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) ২২তম সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিয়া রং লো বলেন, দক্ষিণ এশিয়ায় আইপিভি৬ ব্যবহারের হার ৬৬ শতাংশ হলেও বাংলাদেশে মাত্র ১৮ শতাংশ। আইপিভি৬ বাস্তবায়নে এ পিছিয়ে থাকা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও ভালো উদাহরণ নয়। নেটওয়ার্ক নিরাপত্তা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি নিশ্চিত করতেই হবে।
তিনি আরও জানান, আগামী সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (স্যানগ-২০২৭) সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে দেশীয় বক্তারা বলেন, দেশে আইপিভি৬ বাস্তবায়নে সরকারের সক্রিয় উদ্যোগ প্রয়োজন। সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিলে বাস্তবায়নের কাজ আরও সহজ হবে। এ ক্ষেত্রে সরকারের উদ্যোগের অপেক্ষায় রয়েছেন তাঁরা।
আইপিভি৬ বাস্তবায়নে উদ্যোগ নেবে বিটিআরসি
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আযম পারভেজ। তিনি বলেন, আইপিভি৬-এর কোনো বিকল্প নেই। এ প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দিতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবিকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিটিআরসির এই কর্মকর্তা বলেন, এ বিষয়ে ইন্ডাস্ট্রি থেকে কোনো প্রস্তাবনা পেলে নিয়ন্ত্রক সংস্থা উদ্যোগ গ্রহণ করবে।
বিশেষ অতিথির বক্তব্যে আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, আইএসপিএবি, বিডিনগ ও এপনিক—এই তিন সংগঠন একসঙ্গে কাজ করতে পারলে দেশের আইএসপি খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
কর্মশালায় অংশ নেন ১০৫ প্রকৌশলী
বিডিনগের মহাসচিব বরকতুল আলম বিপ্লব জানান, এবারের কারিগরি কর্মশালায় দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) ১০৫ জন প্রকৌশলী অংশ নেন। কর্মশালায় অ্যাডভান্সড রাউটিং ও এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিকিউরিটি—এই দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এবারের সম্মেলনে আগের আয়োজনগুলোর তুলনায় বিদেশি বক্তাদের উপস্থিতিও বেশি ছিল।
স্থানীয় কি-নোট স্পিকার গাজী জিহাদুল কবির বলেন, দক্ষিণ এশিয়ায় ব্যান্ডউইথের ব্যবহার বাড়লেও সে অনুপাতে রাজস্ব বাড়ছে না। তাঁর উপস্থাপনায় এ পরিস্থিতি থেকে উত্তরণের বিভিন্ন উপায় তুলে ধরা হয়।
তিন দিনের কর্মশালার পর সম্মেলন
দেশের নেটওয়ার্ক প্রকৌশলী, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে গত ১১ নভেম্বর কক্সবাজারে বিডিনগের কারিগরি কর্মশালা শুরু হয়। ১১ থেকে ১৩ নভেম্বর তিন দিন কর্মশালা অনুষ্ঠিত হওয়ার পর শনিবার ১৪ নভেম্বর আয়োজন করা হয় মূল সম্মেলনের।
বিডিনগের ২২তম এ আয়োজনের সহ-আয়োজক ছিল ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। সহযোগিতায় ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)। সম্মেলনের ইন্টারনেট পার্টনার ছিল আম্বার আইটি লিমিটেড।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান, আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা এবং বিডিনগ ট্রাস্টি চেয়ার রাশেদ আমিন বিদ্যুৎসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সম্মেলনে নেটওয়ার্ক পরিচালনা, ইন্টারনেট প্রযুক্তি ও সংশ্লিষ্ট বিষয়ে কারিগরি জ্ঞান অর্জন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান অংশগ্রহণকারীরা। পাশাপাশি দেশের ইন্টারনেট খাতের প্রকৌশলী, অপারেটর, শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও প্রযুক্তি পেশাজীবীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে এপনিকের নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতির জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।




















