প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল থেকে নতুন আইফোন কিনে ক্যামেরার ভেতরে ধুলা পাওয়ার অভিযোগ করেছেন এক গ্রাহক। আশিকুর রহমান নামে ওই গ্রাহকের দাবি, উপহার দেওয়ার জন্য ব্র্যান্ড নিউ ও ইনঅ্যাকটিভ আইফোন ১৮ প্রো ম্যাক্স কেনেন তিনি। তবে ফোনের বাক্স না খুলেই সেটি গ্রহণ করার পর প্রথমবার খোলার কয়েক দিনের মধ্যে পেছনের ক্যামেরার ভেতরে ধুলা দেখতে পান। বিষয়টি ড্যাজলের বসুন্ধরা সিটির শোরুমে জানালেও প্রতিষ্ঠানটি দায় নিতে বা ফোন বদলে দিতে রাজি হয়নি বলে অভিযোগ তাঁর।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আশিকুর রহমান জানান, কয়েক দিন আগে ড্যাজল থেকে ২ লাখ টাকার বেশি দামে আইফোন ১৮ প্রো ম্যাক্স কেনেন তিনি। ফোনটি উপহার দেওয়ার জন্য কেনা হয়েছিল। এ কারণে ব্র্যান্ড নিউ ও ইনঅ্যাকটিভ ফোন চাইলেও দোকান থেকে বক্স খুলে পরীক্ষা করা হয়নি বলে দাবি করেন তিনি।
আশিকুরের ভাষ্য, গতকাল বসুন্ধরা সিটির একটি দোকানে ফোনের পেছনে ব্যাক পলি লাগাতে গেলে দোকানটির কর্মী ক্যামেরার ভেতরে ধুলা থাকার বিষয়টি তাঁকে জানান। পরে নিজেও পরীক্ষা করে ক্যামেরার গ্লাসের ভেতরে ধুলা দেখতে পান। কাপড় দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেও তা সরানো সম্ভব হয়নি বলে জানান তিনি।
এরপর তিনি ড্যাজলের বসুন্ধরা শাখায় গিয়ে বিষয়টি জানান। আশিকুরের অভিযোগ, শোরুমের একজন বিক্রয়কর্মী ফোনটি পরীক্ষা করে বলেন, এয়ারপিস দিয়ে ধুলা ঢুকেছে। তবে এ ব্যাখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেন গ্রাহক। তাঁর দাবি, এয়ারপিস দিয়ে ফোনের পেছনের ক্যামেরার ভেতরে ধুলা প্রবেশের ব্যাখ্যা তাঁর কাছে গ্রহণযোগ্য মনে হয়নি।
আশিকুর জানান, এ বিষয়ে ড্যাজলের কাছে সমাধান বা রিপ্লেসমেন্ট চাইলে প্রতিষ্ঠানটি দায় নিতে অস্বীকৃতি জানায়। পরে তিনি শোরুম থেকে চলে আসেন। তাঁর অভিযোগ, নতুন ও ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে পণ্য বিক্রি করলেও ত্রুটি সামনে আসার পর প্রতিষ্ঠানটি কোনো দায়িত্ব নিচ্ছে না।
তিনি আরও দাবি করেন, উপহার দেওয়ার জন্য ফোনটি কেনায় বাক্স খোলা হয়নি। তাঁর ধারণা, এই সুযোগে ত্রুটিযুক্ত ফোন সরবরাহ করা হয়ে থাকতে পারে। তবে ফোনটি বিক্রির আগেই ত্রুটিযুক্ত ছিল কি না, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় আশিকুর রহমান ড্যাজল থেকে ফোন রিপ্লেসমেন্ট দাবি করেছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির কাছ থেকে দামি স্মার্টফোন কেনার আগে ক্রেতাদের পণ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।


















