অভ্যন্তরীণ একটি হালনাগাদজনিত ত্রুটির কারণে মঙ্গলবার অ্যাপলের একাধিক জনপ্রিয় সেবা সাময়িকভাবে অচল হয়ে পড়ে। এতে অ্যাপল মিউজিক, অ্যাপ স্টোর, অ্যাপলকেয়ার ও আইক্লাউড ব্যবহারে সমস্যায় পড়েন হাজারো ব্যবহারকারী। একই সঙ্গে অ্যাপল পে ব্যবহারে সমস্যার কথাও জানান অনেকে।
প্রযুক্তি সেবার কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে এসব সমস্যা নিয়ে ব্যবহারকারীদের অভিযোগের সংখ্যা দ্রুত বেড়ে যায়।
এক ই-মেইল বিবৃতিতে অ্যাপল জানায়, মঙ্গলবার সকালে অভ্যন্তরীণ একটি হালনাগাদের কারণে তাদের কয়েকটি সেবায় বিভ্রাট দেখা দেয়। ইতোমধ্যে অনেক সেবা আবার চালু হয়েছে। বাকি সেবাগুলোও দ্রুত সচল করতে কাজ চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেক ব্যবহারকারী অ্যাপল পে ব্যবহারে সমস্যার কথা জানান। অ্যাপল পের মাধ্যমে ফোন ব্যবহার করে ক্রেডিট বা ডেবিট কার্ডের মতো লেনদেন করা যায়। একই সময়ে আইক্লাউড ব্যবহারেও সমস্যায় পড়েন অনেকে। আইক্লাউডের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপলের বিভিন্ন ডিভাইসে ছবি, অ্যাপসহ নানা তথ্য সংরক্ষণ ও ব্যবহার করতে পারেন। ডাউনডিটেক্টরেও এসব অভিযোগের প্রতিফলন দেখা যায়।
গত কয়েক দিনে বিশ্বের বিভিন্ন প্রযুক্তি ও আর্থিক প্রতিষ্ঠানের সেবায় একের পর এক কারিগরি বিভ্রাটের ঘটনা ঘটেছে। এর আগে সোমবার যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপিমরগ্যান চেজের লেনদেন প্রক্রিয়াকরণে সমস্যা দেখা দেয়। এর প্রভাবে দেশটির কয়েকটি বড় ব্যাংক ও অর্থ স্থানান্তর সেবা জেলের কার্যক্রমেও সমস্যা হয়। এতে হাজারো গ্রাহক অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করতে সমস্যায় পড়েন।
এর কয়েক দিন আগে মাইক্রোসফটের বৈশ্বিক সেবা বিভ্রাটের কারণে বিভিন্ন অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি সংস্থার কার্যক্রম ব্যাহত হয়।
এ ছাড়া শুক্রবার বিমান চলাচল নিয়ন্ত্রণে ব্যবহৃত পুরোনো যোগাযোগ সরঞ্জামের ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ রাখে। বিরল এ সিদ্ধান্তের ফলে কয়েক হাজার ফ্লাইটের সূচি ব্যাহত হয়।

















