সহায়ক কমিটি বিলুপ্তের পর এবার বেসিস প্রশাসক পদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশ কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান। আগামী ২০ জুলাই চাকরি জীবন থেকে অবসরে চলে যাওয়র কারণে যাবতীয় সংস্কার শেষ করে বেধে দেয়া ১২০ দিনের মধ্যে নির্বাচন করার অক্ষমতা প্রকাশ করে পদত্যাগ করেছেন তিনি।
রবিবার বিকেলে বাণিজ্যমন্ত্রণালয়ের সচিবের কাছে এই পদত্যাগ পত্র জমা দেয়া হয়েছে। গত বছরের ৪ ডিসেম্বর বেসিস এর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো আইসিটি বিভাগের এই অতিরিক্ত সচিবকে। দায়িত্ব গ্রহণের পর তিনি দুই দফা সহায়ক কমিটি গঠন করেন। তবে গত ৩০ এপ্রিল প্রশাসক চালিত বেসিস সহায়ক কমিটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন রাফেল কবির।
এর আগেই দীর্ঘ ১৭ বছরের সম্পর্ক চুকিয়ে ১ মে থেকে সংগঠনটিতে আর থাকছেন না বেসিস সচিব হাশিম আহমেদ। এমন পরিস্থিতে বিরল শুন্যতার মুখোমুখি হলো তথ্যপ্রযুক্তি খাতের সবচেয়ে শক্তিশালী বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।






















