যুক্তরাজ্যে ভিডিও দেখার অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। দেশটিতে বিবিসির পর ইউটিউব এখন দ্বিতীয় সর্বাধিক দেখা মিডিয়া পরিষেবা বা ভিডিও প্লাটফর্ম। যুক্তরাজ্যের গণযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকমের এক জরিপে সম্প্রতি এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, একজন ব্রিটিশ নাগরিক দিনে গড়ে সাড়ে ৪ ঘণ্টা সময় ব্যয় করছেন টেলিভিশন ও ভিডিও কনটেন্ট দেখায়। এর মধ্যে এখনো ৫৬ শতাংশ মানুষ প্রচলিত টেলিভিশন সম্প্রচার দেখে। তবে টিভি সেটে দেখা মাধ্যমগুলোর মধ্যে ইউটিউব এখন শীর্ষে।
অফকমের কর্মকর্তা এড লেইটন বলেন, ‘তরুণরা টিভি চালু করেই ইউটিউবে যায়। এমনকি বয়স্করাও ইউটিউবকে এখন প্রতিদিনের অভ্যাসে রূপ দিচ্ছেন।’
দেশটিতে ২০২৪ সালে একজন ব্যক্তি দিনে গড়ে ৩৯ মিনিট ইউটিউব দেখেছেন। এর মধ্যে ১৬ মিনিটই টেলিভিশনের পর্দায়। ১৬ থেকে ৩৪ বছর বয়সীরা গড়ে ১৮ মিনিট ইউটিউব দেখছেন টিভিতে। এমনকি ৪-১৫ বছর বয়সী শিশুদের প্রতি পাঁচজনের একজন ইউটিউবই চালু করে প্রথমে।
এছাড়া ৫৫ বছরের বেশি বয়সীদের মধ্যেও ইউটিউব দেখার প্রবণতা বেড়েছে। এক বছরে তাদের ইউটিউব দেখার সময় ৬ মিনিট থেকে বেড়ে হয়েছে ১১ মিনিট।
যুক্তরাজ্যের টেলিসংস্থা অফকম জানিয়েছে, ইউটিউবের জনপ্রিয়তার পেছনে তাদের কনটেন্টের ধরন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্তমানে ইউটিউবের অর্ধেক জনপ্রিয় ভিডিও দীর্ঘ সাক্ষাৎকার ও গেম শোয়ের মতো কনটেন্ট।
তবে প্রচলিত টেলিভিশন দেখা ২০২৩ সালের তুলনায় ৪ শতাংশ কমেছে। এখন গড়ে দিনে ২ ঘণ্টা ২৪ মিনিট ব্রডকাস্ট টিভি দেখছে মানুষ।






















