প্রযুক্তি জগতে নতুন চমক আনতে যাচ্ছে অ্যাপল। প্রতিষ্ঠানটি পিক্সারের পরিচিত ল্যাম্পের মতো দেখতে একটি টেবিলটপ রোবট তৈরি করছে, যাতে থাকবে উন্নতমানের এআই ও সিরি। ২০২৭ সালের মধ্যে বাজারে আনার লক্ষ্য নিয়ে এ প্রকল্পে কাজ করছে অ্যাপলের হার্ডওয়্যার, সফটওয়্যার, এআই ও ডিজাইন বিভাগ।
ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল কয়েকটি নতুন এআই-চালিত ডিভাইস তৈরির পরিকল্পনা করছে। এর মধ্যে অন্যতম টেবিলটপ রোবট, যার সঙ্গে থাকবে ঘূর্ণায়মান ডিসপ্লে ও উন্নতমানের সিরি ইন্টিগ্রেশন।
এছাড়া নতুন রোবটটিতে ৭ ইঞ্চি অনুভূমিক ডিসপ্লে থাকবে, যা মোটরচালিত হাতলের ওপর বসানো। এ হাতল প্রায় আধা ফুট পর্যন্ত যেকোনো দিকে ঘুরতে, বাঁকতে ও প্রসারিত হতে পারবে। ফলে রোবটটি এর ব্যবহারকারীর চলাফেরা অনুসরণ করে কথা বলা, ভিডিও কল বা তথ্য প্রদানের সময় আরো ইন্টারঅ্যাকটিভ হতে পারবে।
অ্যাপল এমন কিছু ফিচারও পরীক্ষা করছে, যাতে ফেসটাইম কলে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে ফ্রেমে রাখা যায়। ব্যবহারকারী ঘরে চলাফেরা করলেও ক্যামেরা তার দিকে ফোকাস রাখবে। এছাড়া আইফোনকে জয়স্টিকের মতো ব্যবহার করে দূর থেকে রোবট নিয়ন্ত্রণ করার সুবিধাও থাকবে, যা ভিডিও কলের সময় বিশেষভাবে কাজে লাগবে।
রোবটটির মূল কেন্দ্র হবে নতুনভাবে ডিজাইন করা সিরি। উন্নত সিরি একাধিক ব্যক্তির সঙ্গে কথোপকথন চালাতে পারবে, আগের কথোপকথন মনে রাখবে এবং তাৎক্ষণিক পরামর্শ দিতে পারবে। সিরির জন্য আনা হচ্ছে অ্যানিমেটেড অন-স্ক্রিন উপস্থিতি, যেখানে ম্যাক ফাইন্ডারের হাসিমুখ বা মেমোজি-স্টাইল চরিত্র দেখানো হবে। অভ্যন্তরীণভাবে এ ফিচারটির নাম ‘বাবলস’ রাখা হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, অ্যাপলের লক্ষ্য রোবটটিকে শুধু একটি ডিসপ্লে হিসেবে নয়, বরং দৈনন্দিন কাজের সহায়ক, পরিকল্পনা তৈরির সহায়ক এবং ইন্টারঅ্যাকটিভ যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলা। এটি কাজ, বিনোদন এবং গৃহস্থালি ব্যবস্থাপনারও সহায়ক হবে।
বর্তমানে রোবটটি প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে এবং সময়সূচি বা পরিকল্পনা ভবিষ্যতে পরিবর্তিত হতে পারে। প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন অ্যাপল ওয়াচ সফটওয়্যার ও গাড়ি প্রকল্পের প্রধান কেভিন লিঞ্চ।
টেবিলটপ রোবট ছাড়াও অ্যাপলের পরিকল্পনায় রয়েছে ডিসপ্লে-সংবলিত স্মার্ট স্পিকার আনা এবং হোম সিকিউরিটি ক্যামেরার মাধ্যমে নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ার উদ্যোগ। এছাড়া প্রতিষ্ঠানটি আরো কিছু রোবোটিক প্রকল্পের কথাও ভাবছে, যেমন অ্যামাজনের অ্যাস্ট্রোর মতো চাকার ওপর চলা হোম অ্যাসিস্ট্যান্ট এবং উৎপাদন বা খুচরা দোকানের ব্যাকরুমে ব্যবহারের জন্য বড় আকারের যান্ত্রিক হাতল।






















