রাজশাহী হাইটেক পার্কে রোবটিক্স ও ইন্টারনেট অব থিংস (আইওটি) গবেষণা কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে বিশ্বের শীর্ষ স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। স্থানীয় অবকাঠামো সহযোগী প্রতিষ্ঠান বন্ডস্টেইন টেকনোলজিস সহায়তায় এরইমধ্যে পার্কটিতে ৪০ বছরের জন্য এক একর জমি লিজ নিয়েছে কোম্পানিটি।
বন্ডস্টেইনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহরুখ ইসলাম জানান, এপ্রিলে প্লট বরাদ্দ পাওয়ার পর জুলাই পর্যন্ত সময় লেগেছে গ্রাউন্ড স্টেশন নির্মাণে; ইতোমধ্যেই কাজ সম্পন্ন হয়েছে। স্টারলিংকের পরিকল্পনা অনুযায়ী, সারাদেশে নেটওয়ার্ক সেবা দিতে রাজশাহীতে স্থাপন করা হচ্ছে ৪০টি অ্যান্টেনা, যার মধ্যে ১০টি ইতোমধ্যে বসানো হয়েছে।
সূত্র মতে, বার্ষিক প্রতি বর্গমিটারে ২ ডলার হারে ভাড়া ও সার্ভিস চার্জ দিয়ে স্পেসটি ভাড়া নিয়েছে স্টারলিংক। রাজশাহীর পাশাপাশি গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক ও যশোর হাইটেক পার্কেও গ্রাউন্ড স্টেশন নির্মাণ করেছে প্রতিষ্ঠানটি। এগুলো থেকেই ভবিষ্যতে কমিশনিং কার্যক্রম চালানো হবে।
শুধু স্টারলিংক নয়, আরও কয়েকটি দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইতোমধ্যে রাজশাহী হাইটেক পার্কে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
-
অগ্নি সিস্টেমস লিমিটেড এক একর জায়গা পেয়েছে।
-
ব্র্যাক আইটির জন্য জমি বরাদ্দের আলোচনা চলছে। সম্প্রতি ব্র্যাকের প্রধান নির্বাহী আসিফ সালেহ পার্কটি ঘুরে দেখেছেন এবং তাদের ৬৫০ কর্মীর জন্য দুই একর জায়গা চেয়েছেন।
-
প্রাণআরএফএল আইটি বিজনেস প্রসেস আউটসোর্সিং, গ্রাফিক ডিজাইন এবং প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে জমি নিচ্ছে।
রাজশাহী হাইটেক পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পদ্মা নদীর তীরে, রাজশাহী নগরীর কোর্ট এলাকার পাশে ৩১ একর জমির ওপর ৩৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে রাজশাহী হাইটেক পার্ক। প্রকল্পটির মেয়াদ শেষ হয় ২০২৪ সালের ৩০ জুন এবং এরপর থেকে পার্কটির দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।






















