চীনা ব্র্যান্ড ভিভো তাদের নতুন স্মার্টফোন Vivo T4 Pro উন্মোচন করেছে। প্রিমিয়াম হার্ডওয়্যার, শক্তিশালী ব্যাটারি এবং এআই-চালিত ফিচার যুক্ত এই ডিভাইসটি ইতিমধ্যেই টেকপ্রেমীদের দৃষ্টি কেড়েছে। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক এর প্রধান বৈশিষ্ট্য, দাম ও ব্যবহারকারীর জন্য এর সম্ভাব্য প্রভাব।
Vivo T4 Pro এর সামনে দেখা যাবে ৬.৭৭-ইঞ্চি ফুল এইচডি প্লাস (১,০৮০×২,৩৯২ পিক্সেল) কোয়াড-কার্ভড অ্যামোলেড স্ক্রিন, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, পিক ব্রাইটনেস লেভেল ৫,০০০ নিটস পর্যন্ত। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক ফানটাচ ওএস ১৫ কাস্টম স্কিনে চলবে। ভিভো আশ্বাস দিয়েছে, এতে চার বছর পর্যন্ত ওএস আপডেট এবং ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
এই স্মার্টফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony IMX882 সেন্সর, ৫০ মেগাপিক্সেল Sony IMX882 টেলিফটো লেন্স আছে, যা ৩x জুম সাপোর্ট করবে ও ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
Vivo T4 Pro মডেলে একাধিক এআই ফিচার উপস্থিত। এতে গুগল জেমিনি অ্যাপ প্রি-ইনস্টল আছে। এর সাথে পাওয়া যাবে Gemini Live সহ একাধিক এআই টুল। স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা দুর্দান্ত করতে এতে এআই ক্যাপশন, এআই স্মার্ট কল অ্যাসিস্ট্যান্ট, এআই স্প্যাম কল প্রোটেকশন, এআই প্রোফেশনাল পোট্রেট, এআই ইরেজ ৩.০, এআই ম্যাজিক মুভ সহ একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার উপস্থিত।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসে ৬৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আর তাপ নিয়ন্ত্রণের জন্য এই ফোনে ১০-লেয়ার ভিসি কুলিং সিস্টেম রয়েছে। এতে আইপি৬৮/আইপি৬৯ রেটিং পাওয়া যাবে।





















