মাইক্রোসফটের সাইবার অভিযানে সম্প্রতি ৩৪০টিরও বেশি ফিশিং ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এসব ওয়েবসাইট ‘রাকুন০৩৬৫’ নামের একটি নাইজেরিয়াভিত্তিক সাবস্ক্রিপশন সেবার সঙ্গে যুক্ত ছিল বলে দাবি কোম্পানিটির। এর মাধ্যমে কমপক্ষে পাঁচ হাজার মাইক্রোসফট ব্যবহারকারীর লগইন করা তথ্য চুরি করা হয়েছে।
মাইক্রোসফটের ডিজিটাল ক্রাইমস ইউনিটের সহকারী প্রধান আইন উপদেষ্টা স্টিভেন মাসাদা জানিয়েছেন, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের আদালতের নির্দেশে ওয়েবসাইটগুলো জব্দ করা হয়।
তিনি আরো জানিয়েছেন, রাকুন০৩৬৫ ব্যবহারকারীদের একসঙ্গে হাজার হাজার ভুয়া ই-মেইল পাঠানোর সুযোগ করে দিত। সার্ভিসটি একটি প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পরিচালিত হতো। এর গ্রাহক সংখ্যা ছিল ৮৫০ জনেরও বেশি। প্রতারকরা এতে জনপ্রিয় ব্র্যান্ডের নামে ভুয়া লগইন পেজ বানিয়ে ব্যবহারকারীদের তথ্য দিতে প্রলুব্ধ করত।
মাইক্রোসফট জানিয়েছে, গত বছরের জুলাইয়ে চালু হওয়ার পর থেকে এর পরিচালনাকারীরা অন্তত ১ লাখ ডলার সমপরিমাণ ক্রিপ্টোকারেন্সি আয় করেছে।
এদিকে চক্রটি নিউইয়র্কসহ বিভিন্ন শহরের প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে ২ হাজার ৩০০টিরও বেশি প্রতিষ্ঠানকে টার্গেট করে কর-সংক্রান্ত ভুয়া ই-মেইল পাঠানো হয়েছিল। এক নিরাপত্তা কর্মকর্তা জানান, স্বাস্থ্য খাতের অন্তত পাঁচটি প্রতিষ্ঠান এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘অধিকাংশ হামলার শুরু হয় তখনই, যখন ব্যবহারকারীরা প্রতারকদের কাছে নিজের ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে দেয়।’
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ার জানিয়েছে, তাদের সেবা ব্যবহার করে অপরাধ চক্রটি নিজেদের অবকাঠামো আড়াল করত। তবে মাইক্রোসফট ও যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের সহযোগিতায় তা বন্ধ করা হয়েছে।





















