ফ্রিবাডস সেভেনআই নামের নতুন ওয়্যারলেস ইয়ারবাডস বাজারে এনেছে হুয়াওয়ে। প্যারিসে অনুষ্ঠিত পণ্য উন্মোচন অনুষ্ঠানে চলতি সপ্তাহে হুয়াওয়ের নতুন ওয়্যারলেস ইয়ারবাডস উন্মোচন করা হয়। নতুন ডিভাইসের প্রধান সুবিধা হলো জেসচার কন্ট্রোল (স্পর্শের মাধ্যমে গান চালানো, কল নিয়ন্ত্রণ করা), এআই-ভিত্তিক কল ক্ল্যারিটি (কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কলের স্পষ্ট শব্দ) ও একসঙ্গে একাধিক প্লাটফর্মে ব্যবহার।
ইয়ারবাডটি একসঙ্গে দুটি ডিভাইসে সংযুক্ত হতে পারে এবং অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্লাটফর্মেই ব্যবহার করা যাবে। সাউন্ডের জন্য এতে থ্রিডি স্প্যাটিয়াল অডিও প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীর মাথার গতির সঙ্গে শব্দের দিক পরিবর্তন করে ও থ্রি-ডাইমেনশনাল অভিজ্ঞতা দেয়।
হুয়াওয়ে বলছে, ফ্রিবাডস সেভেনআই আইপি৫৪ সার্টিফায়েড। ফলে ডিভাইসটি ধুলোবালি ও পানির ছিটা থেকে সুরক্ষা দেয়।
চার ধরনের ইয়ার টিপ ও আরামদায়ক ডিজাইনের কারণে দীর্ঘ সময় শোনার জন্যও সুবিধাজনক। পাশাপাশি ফোনের জন্য শুধু মাথা নাড়ালেই কল ধরা ও কেটে দেয়া যায়।
হুয়াওয়ে ফ্রিবাডস সেভেনআইর দাম নির্ধারণ করেছে ৯৯ দশমিক ৯৯ ইউরো (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকার বেশি)।





















