বিনামূল্যের ভিপিএন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে চালু থাকা ৮০০-এর বেশি ভিপিএনের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই ত্রুটিপূর্ণ কোডের ওপর নির্ভরশীল। এসব ভিপিএন ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা হুমকির মুখে পড়তে পারে। খবর সি-নেট।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জিম্পেরিয়াম জেডল্যাবসের তদন্তে জানা গেছে, অনেক ভিপিএন কোনো গোপনীয়তা দেয় না। বরং ব্যক্তিগত তথ্য ফাঁস করে এবং পুরনো দুর্বল কোড ব্যবহার করে।
গবেষণাটিতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান নিজস্ব ডিভাইস ব্যবহারের নীতি মেনে চলে, তাদের জন্য এসব ভিপিএন আরো বিপজ্জনক। মোবাইলে ভিপিএন অ্যাপ জনপ্রিয় হলেও একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতম অংশে পরিণত হতে পারে ও সংবেদনশীল ব্যবসায়িক তথ্য ঝুঁকিতে ফেলতে পারে।
গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিনামূল্যের ভিপিএন নিরাপদ নয় বলেই ব্যক্তিগত ব্যবহারকারীদের পাশাপাশি করপোরেট পরিবেশেও তা বড় ঝুঁকি তৈরি করছে।
প্রযুক্তি বিশেষজ্ঞ ও সি-নেটের সিনিয়র লেখক অ্যাটিলা তোমাশেক বলেন, ‘কোনো ভিপিএন ব্যবহারের আগে অবশ্যই তাদের গোপনীয়তা নীতি ভালোভাবে পড়ে দেখা উচিত।’
তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো প্রতিষ্ঠান ব্যবহারকারীর তথ্য বিজ্ঞাপনদাতা, তথ্য ব্যবসায়ী বা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করে অথবা অনলাইন কার্যক্রমের রেকর্ড সংরক্ষণ করে, তবে সেই ভিপিএন ব্যবহার না করাই ভালো।






















