নকিয়া ফোন নির্মাতা প্রতিষ্ঠান এইচএমডি ভারতের বাজারে এনেছে ‘এইচএমডি টাচ ৪জি’ নামে নতুন এক ধরনের ফোন। এটি দেখতে স্মার্টফোনের মতো হলেও ব্যবহারে অনেকটাই ফিচার ফোনের মতো। কোম্পানির দাবি, এ ফোনে স্মার্টফোন ও ফিচার ফোনের সুবিধা একসঙ্গে পাওয়া যাবে।
প্রতিষ্ঠানটি জানায়, টাচ ৪জি তৈরি করা হয়েছে এমন ব্যবহারকারীদের কথা ভেবে, যারা স্মার্টফোনের মতো সংযোগ সুবিধা চান কিন্তু খরচ করতে চান সীমিত। ফোনটিতে রয়েছে ৩২০×২৪০ রেজল্যুশন পিক্সেলসহ ৩ দশমিক ২ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে। তবে ডিসপ্লেটি কোন প্রযুক্তিতে তৈরি, তা জানায়নি কোম্পানি।
ছোট আকারের ফোনটিতে রয়েছে ভিডিও কলের সুবিধা। পাশাপাশি এতে যোগ করা হয়েছে ‘এক্সপ্রেস চ্যাট’ নামের একটি মেসেজিং অ্যাপ। এর মাধ্যমে সাধারণ মেসেজের পাশাপাশি গ্রুপ চ্যাট ও ভিডিও কল করা যাবে।
ফোনটির সামনে রয়েছে শূন্য দশমিক ৩ মেগাপিক্সেল ক্যামেরা ও পেছনে ২ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে রয়েছে ফ্ল্যাশ। ক্রিকেটপ্রেমীদের জন্য ফোনটিতে যোগ করা হয়েছে ক্লাউড ফোন সার্ভিস, যার মাধ্যমে লাইভ ক্রিকেট আপডেটও পাওয়া যাবে। এছাড়া এতে আবহাওয়ার খবর ও ভিডিও দেখার সুবিধাও রয়েছে।
চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টিওয়ানটুসেভেন প্রসেসর, যা মূলত কম শক্তি ব্যবহারকারী ডিভাইসের জন্য তৈরি। ফোনটি অ্যান্ড্রয়েড নয়, বরং রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বা আরটিওএস টাচে চলে।
ব্যাটারি হিসেবে ফোনটিতে রয়েছে ১ হাজার ৯৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যা চাইলে খুলে ফেলা যায়। এতে একবার চার্জে প্রায় ৩০ ঘণ্টা পর্যন্ত চালানো যায়।
ভারতে ফোনটির দাম রাখা হয়েছে ৩ হাজার ৯৯৯ রুপি। এটি সরাসরি এইচএমডির ওয়েবসাইট থেকে কেনা যাচ্ছে। স্মার্টফোনের নানা ফিচারসহ ছোট এ ফোন সাশ্রয়ী বাজারে নতুন এক ধারা আনতে পারে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।






















