ইনস্টাগ্রাম পরিষেবার পরিধি বাড়াতে চাইছে মেটা। দীর্ঘ অপেক্ষার পর সাম্প্রতিক বছরগুলোয় আইপ্যাডের জন্য বিশেষ অ্যাপ চালু করেছে মেটার মালিকানাধীন প্লাটফর্মটি। এখন জানা গেছে, শিগগিরই ইনস্টাগ্রাম টিভিতেও আসতে পারে। টেলিভিশনে এটি চালুর কাজ চলছে বলে জানিয়েছেন প্লাটফর্মের প্রধান অ্যাডাম মোসেরি। খবর ইন্ডিয়া টুডে।
অ্যাডাম মোসেরি বলেছেন, ‘আজকাল অনেক মানুষ সিনেমা, ভিডিও, শো বা অন্যান্য ডিজিটাল কনটেন্ট দেখার জন্য টিভি ব্যবহার করছে। তাই ইনস্টাগ্রাম বিশেষ টিভি অ্যাপ নিয়ে পর্যালোচনা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
সব গুরুত্বপূর্ণ ডিভাইসে নিজেদের প্লাটফর্মের কনেটেন্ট আকর্ষণীয়ভাবে প্রদর্শিত হওয়ার উপায় খুঁজে বের করতে চান মোসেরি।
ইনস্টাগ্রাম যদিও একটি উল্লম্ব (ভার্টিক্যাল) প্লাটফর্ম, বিশেষ করে রিলস ফিচারটির ক্ষেত্রে। তবে মোসেরি বিশ্বাস করেন, এটি টিভিতেও কার্যকর হতে পারে।
ইনস্টাগ্রাম মূলত ফটো শেয়ার করার অ্যাপ হিসেবে শুরু হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোয় রিলসের কারণে এটি সম্পূর্ণভাবে ভিডিও-কেন্দ্রিক প্লাটফর্ম হয়ে উঠেছে। চীনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটকের বিকল্প হিসেবে ২০২০ সালে রিলস চালু করা হয় ইনস্টায়। এর পর থেকে রিলসই মেটা মালিকানাধীন এ প্লাটফর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হয়ে উঠেছে। নতুন আইপ্যাড অ্যাপটি খুললেও সরাসরি রিলস ভিডিও দেখা যায়।
মেসোরির ধারণা, টিভির জন্য অ্যাপ তৈরি করলেও অনেক বেশি ব্যবহারকারী ভিডিও দেখার জন্য ইনস্টাগ্রামে আসবে। যেমন ইউটিউবের বড়সংখ্যক দর্শক টেলিভিশনে ভিডিও দেখে থাকে। ভিডিওর পাশাপাশি ইনস্টাগ্রাম এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার নিয়েও কাজ করছে। ব্যবহারকারীরা এখন চারটি ভাষায় রিলস অনুবাদ করতে পারেন।






















