প্রযুক্তি জগতে রীতিমতো এক বিপ্লবের সূচনা করেছে রিলায়েন্স জিও। মুকেশ আম্বানির এই সংস্থা ইন্টারনেট ব্যবহারের সুবিধা এতটাই সুলভ করে দিয়েছে যে ভারতের প্রত্যন্ত গ্রামও এখন যুক্ত হয়েছে ডিজিটাল ভারতের সঙ্গে।
শুধু ইন্টারনেট সেবা নয়, সেই ইন্টারনেট ব্যবহারের উপযোগী সুলভ মূল্যের মোবাইল ফোন এনে বাজারেও এক সময় ঝড় তুলেছিল জিও। এবার সেই সাফল্যের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন পালক।
এই সপ্তাহে অনুষ্ঠিত ভারত মোবাইল কংগ্রেস (আইএমসি) ২০২৫-এ জিও ঘোষণা করেছে তাদের নতুন জিওভারত ফোন। ব্যবহারকারীর নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তৈরি করা এই ফোনে যুক্ত করা হয়েছে ‘সেফটি-ফার্স্ট’ বৈশিষ্ট্য, যা ব্যবহারকারীকে সুরক্ষিত রাখবে, সংযুক্ত রাখবে এবং প্রিয়জনের অবস্থান জানতেও সাহায্য করবে।
এই ফোনে চারটি বিশেষ নিরাপত্তা ফিচার রয়েছে, যা শিশু, নারী ও বয়স্ক বাবা-মায়ের সুরক্ষার জন্য এটিকে এক নির্ভরযোগ্য যন্ত্রে পরিণত করবে।
নতুন সেফটি ফিচারসহ জিওভারত ফোনের দাম মাত্র ৭৯৯ টাকা। এটি পাওয়া যাবে জিও স্টোর, দেশের বিভিন্ন মোবাইল বিক্রয়কেন্দ্র, জিও মার্ট এবং অ্যামাজনসহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে।
ব্যবহারকারীরা নিজেদের অ্যানড্রয়েড বা আইওএস স্মার্টফোনে জিও থিংস অ্যাপ ব্যবহার করে এই সমস্ত নিরাপত্তা ফিচার ব্যবহার করতে পারবেন।
রিলায়েন্স জিওর সভাপতি সুনীল দত্ত বলেন, জিও-তে আমরা বিশ্বাস করি, এই প্রযুক্তি প্রতিটি ভারতীয় নাগরিকের সংযোগ, সুরক্ষা এবং ক্ষমতায়নের জন্য একটি গভীর উদ্দেশ্য পূরণ করবে। জিওভারত সেফটি-ফার্স্ট সমাধান সেই লক্ষ্যেই তৈরি করা হয়েছে। এটি শুধুমাত্র একটি ফোন নয়—এটি এমন এক উদ্ভাবন যা সহজ ও সাশ্রয়ী উপায়ে পরিবারকে মানসিক শান্তি, বিশ্বাস ও যত্ন প্রদান করবে। এর মাধ্যমে জিও কোটি মানুষের জীবনকে আরও নিরাপদ ও সহজ করে তুলছে।






















